কেপ টাউন টেস্ট ড্র
প্রথম চার দিনে ব্যাটসম্যানের দাপটে কেপ টাউন টেস্টের ভাগ্যে ড্র এক রকম লেখা হয়েই গিয়েছিল। শেষ দিনে চরম কোনো নাটকীয়তায় শুধু পাল্টাতে পারতো চিত্রপট। তার কিছুই হয়নি, দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ডের মধ্যকার দ্বিতীয় টেস্টটি সমতাতেই শেষ হয়েছে।
কেপ টাউনের নিউল্যান্ডসে চতুর্থ দিনের শেষ বেলায় প্রতিপক্ষের চেয়ে ২ রানে পিছিয়ে থেকেই প্রথম ইনিংস ঘোষণা করে চমক দেখিয়েছিল দক্ষিণ আফ্রিকা। ওই দিনের শেষ আধ ঘণ্টায় ইংলিশ ব্যাটসম্যানদের বিপাকে ফেলাটাই উদ্দেশ্য ছিল, তবে সময়টা নিরাপদেই কাটিয়ে দেয় অতিথিরা।
শেষ দিনের শুরুতে অবশ্য কিছুটা নাটকীয়তার আভাস মিলেছিল; দিনের দ্বিতীয় ওভারেই অধিনায়ক অ্যালেস্টার কুককে হারায় ইংল্যান্ড। এরপর ড্যান পিটের ঘূর্ণিতে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকায় এক সময় ইংল্যান্ডের স্কোর দাঁড়ায় ৬ উইকেটে ১১৬।
দিনের খেলা তখনও বাকি ৫৩ ওভারের বেশি, ১১৮ রানে এগিয়ে ইংল্যান্ড। ওই অবস্থায় প্রতিপক্ষকে যত দ্রুত সম্ভব গুটিয়ে দিয়ে হয়তো দারুণ এক জয়ের স্বপ্নই দেখতে শুরু করেছিল স্বাগতিকরা। কিন্তু জনি বেয়ারস্টো ও মইন আলির দৃঢ়তায় তা আর হয়নি।
সপ্তম উইকেটে ৪৩ রানের জুটি গড়ে অপরাজিত থাকেন তারা দুজন। অবশেষে ৬৫ ওভার শেষে ইংল্যান্ডের স্কোর যখন ৬ উইকেটে ১৫৯, দুই অধিনায়ক ড্র মেনে নেন।
প্রথম ইনিংসে ইংল্যান্ডের ৬ উইকেটে ৬২৯ রানের জবাবে দক্ষিণ আফ্রিকা ৬ উইকেটে ৬২৭ রান করে ইনিংস ঘোষণা করেছিল।
অফ-স্পিনার পিট ৩৮ রান খরচায় ৩ উইকেট নেন।
প্রথম ইনিংসে অসাধারণ এক দ্বিশতক করা বেন স্টোকস ম্যাচ সেরা হন।
প্রথম টেস্ট জিতে ১-০ এ এগিয়ে আছে ইংল্যান্ড।
