হঠাৎ অধিনায়কত্ব ছাড়লেন আমলা
দারুণ এক দ্বিশতকে ফর্মে ফেরার পর হঠাৎ করেই দক্ষিণ আফ্রিকার টেস্ট অধিনায়কের পদ থেকে সরে দাঁড়িয়েছেন হাশিম আমলা।
বুধবার ইংল্যান্ডের বিপক্ষে কেপ টাউন টেস্ট শেষে অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দেন ডানহাতি এই ব্যাটসম্যান। সিরিজের বাকি দুই টেস্টে অধিনায়কত্ব করবেন ওয়ানডে অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স।
প্রথম ইনিংসে স্টুয়ার্ট ব্রডের বলে বোল্ড হওয়ার আগে ২০১ রানের ইনিংস খেলেন আমলা।
বিস্ময়করভাবে গত বছর ৮ টেস্ট খেলে একটিও শতক করতে পারেননি আমলা, পঞ্চাশ ছিল মোটে একটি। নেতৃত্ব নিয়েও সমালোচনার মুখে ছিলেন আমলা। তবে এই টেস্টে রানে ফিরে দু:সময়কে পাল্টা জবাব দিয়েছিলেন তিনি। তার ব্যাটিং নৈপুণ্যেই হারের শঙ্কা এড়িয়ে ম্যাচটি ড্র করে স্বাগতিকরা।
আমলা জানান, তিনি দুই সপ্তাহ আগে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ শুরু হওয়ার আগেই সরে যাওয়ার কথা ভাবছিলেন।
“আমি দলের কয়েকজনের সঙ্গে এ নিয়ে কথা বলেছিলাম; তাই আমি মনে করি না যে এটা চমক হিসেবে আসবে। এবির সামর্থ্য আছে এবং সে একজন অসাধারণ অধিনায়ক।”
এক বিবৃতিতে আমলা বলেন, “এটা সহজ সিদ্ধান্ত ছিল না এবং আমি অনুভব করেছি, নিজের কাছে সৎ থাকব। এই সিদ্ধান্তে আমি ঠিক আছি এবং নিজের খেলা নিয়ে কাজ করার প্রয়োজন অনুভব করছি।”
“যখন আমাকে দায়িত্বটা দেওয়া হয়েছিল, আমি গভীরভাবে সম্মানিতবোধ করেছিলাম। অধিনায়কত্বের পুরো সময়টুকুতে আমি সবসময় কোচিং স্টাফ ও সতীর্থদের সহযোগিতা পেয়েছি।”
২০১৪ সালের মাঝামাঝি গ্রায়েম স্মিথের কাছ থেকে আমলা অধিনায়কের দায়িত্ব নেওয়ার পর শ্রীলঙ্কা, জিম্বাবুয়ে ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জেতে দক্ষিণ আফ্রিকা। এরপর বাংলাদেশ সফরে বৃষ্টির কারণে সিরিজ ড্র হওয়ার পর ভারতের মাটিতে ৩-০ ব্যবধানে হারে প্রোটিয়ারা।
অধিনায়কত্বের দায়িত্ব সানন্দে নেওয়ার কথা জানান ডি ভিলিয়ার্স, “আমি আগেও বলেছি যে দক্ষিণ আফ্রিকাকে যে কোনো সংস্করণেই নেতৃত্ব দেওয়াটা দারুণ সম্মানের বিষয়। খুব অল্প সময়ের নোটিশে এই দায়িত্বটা এসেছে। আজীবনের একটা স্বপ্ন বাস্তবে রূপ নিল।”
নতুন দায়িত্ব পেয়ে দলকে ইংল্যান্ডের বিপক্ষে স্মরণীয় জয় এনে দেওয়ার লক্ষ্যের কথাও জানান ডি ভিলিয়ার্স।
চার টেস্টের সিরিজে দক্ষিণ আফ্রিকা ১-০ তে পিছিয়ে আছে।
