২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অস্ট্রেলিয়ার বাংলাদেশে আসা উচিত: স্টুয়ার্ট ল

যুব বিশ্বকাপ খেলতে অস্ট্রেলিয়ার না আসার সিদ্ধান্তকে ‘দু:খজনক’ বলছেন দেশটিরই সাবেক ব্যাটসম্যান স্টুয়ার্ট ল। বাংলাদেশ যুব দলের এই টেকনিক্যাল উপদেষ্টার মতে, অস্ট্রেলিয়ার জাতীয় দলেরও বাংলাদেশে আসা উচিত।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2016, 08:24 PM

Updated : 11 Oct 2022, 07:31 PM

পুরনো খবর:

অস্ট্রেলিয়ার জায়গায় আয়ারল্যান্ডকে আইসিসির আমন্ত্রণ
যুব বিশ্বকাপে খেলতে আসছে না অস্ট্রেলিয়া
হতাশ বিসিবির বিশ্বকাপ সফল করার প্রত্যয়

বিশ্বকাপে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের সঙ্গে কাজ করতে গত রোববার বাংলাদেশে পা রাখেন ল। মঙ্গলবার বিসিবি একাডেমি মাঠে যুবাদের অনুশীলন শেষে তিনি মুখোমুখি হয়েছিলেন সংবাদমাধ্যমের।

অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-১৯ দলে না আসা নিয়ে গুঞ্জন তখনই চলছিল। এই প্রসঙ্গ উঠতেই ল বলেছিলেন, “আমার মনে হয় না ওরা নাম প্রত্যাহার করবে। আমার ধারণা ওরা আসবে।”

খানিক পরই জানা গেল, নিরাপত্তা ঝুঁকির কারণ দেখিয়ে আনুষ্ঠানিকভাবে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করে নিয়েছে অস্ট্রেলিয়া। সেটা শুনে দেশটির সাবেক ক্রিকেটারের কণ্ঠে জাগল বিস্ময়।

“ওদের না আসাটা দু:খজনক। তরুণ ছেলেগুলো অভিজ্ঞতা সঞ্চয়ের দারুণ সুযোগ থেকে বঞ্চিত হলো। এর বেশি মন্তব্য করা উচিত হবে না আমার।”

ল নিজেও ছিলেন নিরাপত্তার শঙ্কায়। বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের টেকনিক্যাল উপদেষ্টার দায়িত্বে ৩ দফায় কাজ করার চুক্তি করেছিলেন সাবেক ব্যাটসম্যান। প্রথম দফার দায়িত্বে গত ২৪ আগস্ট এসেছিলেন বাংলাদেশে। দ্বিতীয় দফায় আসার কথা ছিল গত ২৪ অক্টোবর।

কিন্তু তার আগেই নিরাপত্তা ঝুঁকির কারণ দেখিয়ে বাংলাদেশ সফর স্থগিত করে অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দল। একই কারণে তখন দ্বিতীয় দফার দায়িত্ব নিতে বাংলাদেশে আসেননি ল নিজেও।

এবার এখানে এসে ল ব্যাখ্যা করলেন তখন না আসার কারণ।

“বিশ্বজুড়ে অনেক দেশের কথাই বলা যায়। হুমকির ঘটনা যে কোনো দেশেই হতে পারে। কিন্তু যখন গোয়েন্দা সংস্থাগুলো থেকে তথ্য পাওয়া যায়, তখন একটু অপেক্ষা করে পরিস্থিতি পর্যবেক্ষণ করাই শ্রেয়।”

শঙ্কা আর আগের মতো নেই বলেই ফিরেছেন, জানালেন ল।

“শঙ্কা মনে হচ্ছে অনেকটাই কমে গেছে। কিছু তো থাকবেই, সেটা বিশ্বের সব জায়গাতেই থাকবে। ঢাকা হোক বা নিউ ইয়র্ক, লন্ডন, পার্থক্য খুব একটা নেই। যে কোনো সময় যে কোনো কিছু হতে পারে। জীবন এগিয়ে নিতেই হবে।”

বাংলাদেশে আসার পরও খুব একটা সমস্যা অনুভব করছেন না, জানালেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক এই কোচ।

“স্বস্তিই পাচ্ছি বাংলাদেশে এসে। ঢাকা ও বাংলাদেশে এলে সবসময় উষ্ণ অভ্যর্থনাই পাই। নিরাপত্তার ব্যাপারটি মাথায় হয়ত থাকবেই। তবে আমি এসেছি ছেলেদের সঙ্গে ক্রিকেট উপভোগ করতে। আশা করি, সাফল্যও ধরা দেবে আমাদের।”

ল নিজে এসে স্বস্তিই পাচ্ছেন। অস্ট্রেলিয়া জাতীয় দলেরও সফরে আসা উচিত, অভিমত তার।

“এটা তো ভবিষ্যৎ সূচির অংশ, অস্ট্রেলিয়া এটাকে সম্মান করবে। না আসার সিদ্ধান্তটি তাদেরই ছিল। কিন্তু তাদের উচিত এখানে এসে খেলা। হোক সেটা ১ মাসের মধ্যে অথবা ৬ কিংবা ১২ মাসের মধ্যে। একটা পর্যায়ে অস্ট্রেলিয়াকে এখানে আসতেই হবে।”