হতাশ বিসিবির বিশ্বকাপ সফল করার প্রত্যয়
আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে অস্ট্রেলিয়ার খেলতে না আসার সিদ্ধান্তকে হতাশাজনক বলছে বিসিবি। তবে ছোটদের বিশ্বকাপ সফল করতে প্রত্যয়ী বাংলাদেশ ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
নিরাপত্তা ঝুঁকির কারণ দেখিয়ে মঙ্গলবার বাংলাদেশে অনুষ্ঠেয় অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ থেকে নিজেদের প্রত্যাহারের কথা জানায় অস্ট্রেলিয়া।
অস্ট্রেলিয়ার সিদ্ধান্তে নিজেদের হতাশা জানিয়ে আইসিসি এর মধ্যেই আমন্ত্রণ জানিয়েছে আয়ারল্যান্ডকে।
মঙ্গলবার দুপুরে বিসিবিতে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরি বলেন, “অবশ্যই এটা খুব হতাশাজনক। একটি অংশগ্রহণকারী দেশ আইসিসির ইভেন্টে অংশ না নেওয়ার কথা জানিয়েছে। তবে আমরা যেভাবে এগোচ্ছি, তাতে আমরা আশাবাদী যে টুর্নামেন্টটি দারুণ সফলভাবে শেষ করতে পারব।”
বিসিবি প্রধান নির্বাহী আবারও জানান, সর্বোচ্চ নিরাপত্তার নিশ্চয়তাই দেওয়া হয়েছে সব দেশকে।
“রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে সার্বিক নিরাপত্তার নিশ্চয়তা দেওয়া হয়েছে। আমাদের দিক থেকে যতটুকু করার, আমরা করেছি। তাদের সিদ্ধান্ত দূর্ভাগ্যজনক। এখন টুর্নামেন্ট সফল করাই আমাদের দায়িত্ব।”
