২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অস্ট্রেলিয়ার জায়গায় আয়ারল্যান্ডকে আইসিসির আমন্ত্রণ

অস্ট্রেলিয়া দল বাংলাদেশে না আসার ঘোষণা দেওয়ায় তাদের জায়গায় অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে খেলতে আয়ারল্যান্ডকে আমন্ত্রণ জানিয়েছে আইসিসি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2016, 04:31 PM

Updated : 12 Apr 2022, 01:09 AM

মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইসিসি জানায়, অস্ট্রেলিয়া নিরাপত্তা শঙ্কায় নিজেদের প্রত্যাহার করে নিলেও চলতি মাসে শুরু হতে যাওয়া অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের প্রস্তুতি চলবে।

নিরাপত্তা ঝুঁকির কারণ দেখিয়ে সোমবার টুর্নামেন্ট থেকে দল প্রত্যাহার করে নেয় ক্রিকেট অস্ট্রেলিয়া।

২৭ জানুয়ারি শুরু হতে যাওয়া টুর্নামেন্ট সামনে রেখে লম্বা সময় ধরে বিসিবি ও বাংলাদেশের নিরাপত্তা সংস্থাগুলোর সঙ্গে নিরাপত্তা পরিকল্পনা নিয়ে কাজ করছে আইসিসি। বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার নিজস্ব নিরাপত্তা বিশেষজ্ঞ ছাড়াও স্বাধীন একটি নিরাপত্তা দলও এই ব্যাপারে কাজ করছে।

অস্ট্রেলিয়া নিরাপত্তা শঙ্কার কথা বললেও আইসিসি জানায়, আইসিসির নিজস্ব ও স্বাধীন নিরাপত্তা পর্যবেক্ষনে বোঝা গেছে, নিরাপত্তা পরিস্থিতি ও প্রস্তাবিত নিরাপত্তা পরিকল্পনা টুর্নামেন্ট আয়োজনের জন্য যথাযথ।

এর আগে ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেমস সাদারল্যান্ড জানান, অস্ট্রেলিয়া সরকারের সঙ্গে বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা করেই অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ থেকে নিজেদের দল প্রত্যাহার করে নেওয়া হয়।

তিন বারের চ্যাম্পিয়নরা সরে গেলেও টুর্নামেন্ট সফল করার ব্যাপারে আশাবাদী আইসিসির প্রধান নির্বাহী ডেভিড রিচার্ডসন।

“আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ আইসিসির ক্যালেন্ডারে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইভেন্ট, যার আন্তর্জাতিক তারকা তৈরির খ্যাতি রয়েছে। আমরা এখনও আত্মবিশ্বাসী যে, বিসিবিকে নিয়ে আইসিসি বাংলাদেশে সাফল্যের সঙ্গে এই টুর্নামেন্ট শেষ করতে পারবে।”