২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফ্রিদিকে পাশে পাচ্ছেন দলে ফেরা আমির

শহিদ আফ্রিদিকে পাশেই পাচ্ছেন নিষেধাজ্ঞা কাটিয়ে ক্রিকেটে ফেরা মোহাম্মদ আমির। তাকে জাতীয় দলে নেওয়াকে সমর্থন করেছেন পাকিস্তানের টি-টোয়েন্টি অধিনায়ক।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jan 2016, 12:47 AM

Updated : 20 Aug 2022, 11:29 AM

২০১০ সালে লর্ডস টেস্টে স্পট ফিক্সিংয়ে দায়ে নিষেধাজ্ঞা কাটানোর পর প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেলেন বাঁহাতি পেসার আমির। নিউ জিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের দলে আছেন ২৩ বছর বয়সী এই পেসার।

শুক্রবার কয়েকটি টুইটে নিজের প্রতিক্রিয়া জানান আফ্রিদি।

“আমিরকে দলে ফিরে পেয়ে আমি খুশি। ইংল্যান্ডে আমি যখন প্রথম জিজ্ঞেস করেছিলাম, সে তখনই আমাকে সত্যিটা বলেছিল। সে তার দোষ স্বীকার করেছিল। আমাদের এখন তাকে সমর্থন করতে হবে।”

এর আগে জাতীয় দলের ক্যাম্পে আমির থাকায় পদত্যাগ করতে চেয়েছিলেন পাকিস্তানের ওয়ানডে অধিনায়ক আজহার আলি। তবে তার পদত্যাগপত্র গ্রহণ করেনি পিসিবি। আলোচনার পর অধিনায়কত্ব চালিয়ে যেতে রাজি হন আজহার।

আমির থাকায় শুরুতে ক্যাম্পেও আসতে চাননি আজহার ও মোহাম্মদ হাফিজ। আফ্রিদি জানান, তিনি আজহার ও হাফিজের অবস্থানকে সম্মান করেন।

“স্পট ফিক্সিং কেলেঙ্কারির জন্য আমাদের অনেক ভুগতে হয়েছে। এর জন্য সবখানেই আমাদের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে।”

তবে এখন সামনের দিকেই এগোতে চান আফ্রিদি, “আমি আমিরকে সমর্থন করব। আশা করব, সে পূর্ণ নিষ্ঠা ও দায়বদ্ধতার সঙ্গে পাকিস্তান ক্রিকেটকে সেবা করে যাবে।”

দলে থাকলেও আমিরের নিউ জিল্যান্ড সফরের বিষয়টি নির্ভর করছে ভিসা পাওয়ার উপর। স্পট ফিক্সিংয়ের দায়ে কারাবাসও খাটতে হয়েছিল তাকে। আর এটাই তার নিউ জিল্যান্ডের ভিসা পাওয়ার ক্ষেত্রে সমস্যার সৃষ্টি করতে পারে। তবে পাকিস্তান ক্রিকেট বোর্ডের বিশ্বাস, সেটা কোনো সমস্যা হবে না।

পুরনো খবর:

জাতীয় দলে ফিরলেন আমির