জাতীয় দলে ফিরলেন আমির
অনেক অপেক্ষার পর অবশেষে জাতীয় দলে ফিরলেন পাকিস্তানের পেসার মোহাম্মদ আমির। নিউ জিল্যান্ডের বিপক্ষে সীমিত ওভারের ম্যাচের জন্য তাকে দলে রেখেছে নির্বাচকেরা।
২০১০ সালে লর্ডস টেস্টে স্পট ফিক্সিংয়ে দায়ে অভিযুক্ত হয়ে নিষেধাজ্ঞা কাটানোর পর প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেলেন আমির।
দলে থাকলেও আমিরের নিউ জিল্যান্ড সফরের বিষয়টি নির্ভর করছে ভিসা পাওয়ার উপর। স্পট ফিক্সিংয়ের দায়ে কারাবাসও খাটতে হয়েছিল তাকে। আর এটাই তার নিউ জিল্যান্ডের ভিসা পাওয়ার ক্ষেত্রে সমস্যার সৃষ্টি করতে পারে। তবে পাকিস্তান ক্রিকেট বোর্ডের বিশ্বাস, সেটা কোনো সমস্যা হবে না।
এর আগে জাতীয় দলের ক্যাম্পে আমির থাকায় পদত্যাগ করতে চেয়েছিলেন পাকিস্তানের ওয়ানডে অধিনায়ক আজহার আলি। তবে তার পদত্যাগপত্র গ্রহণ করেনি পিসিবি। আলোচনার পর অধিনায়কত্ব চালিয়ে যেতে রাজি হন এই ব্যাটসম্যান।
এবারের নিউ জিল্যান্ড সফরে তিনটি করে টি-টোয়েন্টি ও ওয়ানডে খেলবে পাকিস্তান। দু দলেই আছেন ২৩ বছর বয়সী আমির।
আগামী ১৫ জানুয়ারি অকল্যান্ডে হতে যাওয়া টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে শুরু হবে পাকিস্তানের এ সফর।
পাকিস্তানের ওয়ানডে দল: আজহার আলি (অধিনায়ক), আহমেদ শেহজাদ, মোহাম্মদ হাফিজ, শোয়েব মালিক, আসাদ শফিক, বাবর আজম, শোয়েব মাকসুদ, জাফর গোহার, ইমাদ ওয়াসিম, আনোয়ার আলি, সরফরাজ আহমেদ, ওয়াহাব রিয়াজ, রাহাত আলি, মোহাম্মদ ইরফান, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ আমির।
পাকিস্তানের টি-টোয়েন্টি দল: শহিদ আফ্রিদি (অধিনায়ক), আহমেদ শেহজাদ, মোহাম্মদ হাফিজ, শোয়েব মাকসুদ, শোয়েব মালিক, উমর আকমল, ইফতিখার আহমেদ, ইমাদ ওয়াসিম, আনোয়ার আলি, আমির ইয়ামিন, সরফরাজ আহমেদ, ওয়াহাব রিয়াজ, উমর গুল, মোহাম্মদ রিজওয়ান, সাদ নাসিম, মোহাম্মদ আমির।
