২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিষিদ্ধ উপাদান নিয়ে নিষিদ্ধ ইয়াসির শাহ

নিষিদ্ধ উপাদান নেওয়ায় পাকিস্তানের লেগ স্পিনার ইয়াসির শাহকে সাময়িক নিষিদ্ধ করেছে আইসিসি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Dec 2015, 04:07 PM

Updated : 25 Apr 2022, 02:20 PM

রোববার আইসিসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গত ১৩ নভেম্বর ইয়াসিরের ডোপ টেস্ট করা হয়েছিল। সেই নমুনায় এই লেগ স্পিনারের শরীরে নিষিদ্ধ উপাদান পাওয়া গেছে।

তখন আবু ধাবিতে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে খেলেছিলেন ইয়াসির। ওই সিরিজ শেষে ঢাকা ডায়নামাইটসের হয়ে খেলে গেছেন বিপিএল।

গত এক বছরে টেস্ট ক্রিকেটে পাকিস্তানের মূল অস্ত্র এই লেগ স্পিনার। গত বছরের অক্টোবরে টেস্ট অভিষেক, মাত্র ১২ টেস্টেই নিয়েছেন ৭৬ উইকেট। ক্রিকেট বিশ্বজুড়ে দারুণভাবে প্রশংসিত হয়েছেন ধ্রুপদি লেগ স্পিন আবার ফিরিয়ে এনে।

আইসিসি অ্যান্টি-ডোপিং বিধি অনুযায়ী পরের প্রক্রিয়াগুলো শেষ না হওয়া পর্যন্ত ক্রিকেটের বাইরে থাকতে হবে ইয়াসিরকে।

এর আগে শরীরে নিষিদ্ধ উপাদান পাওয়ায় গত ৭ ডিসেম্বর সাময়িকভাবে নিষিদ্ধ করা হয় শ্রীলঙ্কার কুশল পেরেরাকে। পরে দ্বিতীয় নমুনাতেও নিষিদ্ধ উপাদান পাওয়া যাওয়ায় এখন ৪ বছরের জন্য নিষিদ্ধ হতে পারেন এই উইকেটকিপার ব্যাটসম্যান।