২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফাইনালে ইতিবাচক থাকার প্রত্যয় মাশরাফির

ফাইনালের আগে সতীর্থদের আশাবাদী এবং ইতিবাচক থাকতে বলেছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Dec 2015, 07:39 PM

Updated : 25 Apr 2022, 02:17 PM

মঙ্গলবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শিরোপা নির্ধারণী ম্যাচে বরিশাল বুলসের মুখোমুখি হবে মাশরাফির কুমিল্লা। তার আগের দিন সংবাদ সম্মেলনে মাশরাফি জানান, বাঁচা-মরার ম্যাচে ইতিবাচক থাকবেন তারা। 
 
“এটা তো খুবই পরিষ্কার যে, আমরা যেভাবে খেলতে চেয়েছি, এ পর্যন্ত সেভাবেই খেলে আসতে পেরেছি। আর এখন তো দুই দলের জন্যই ‘ডু অর ডাই’ ম্যাচ। আমরা আশাবাদী এবং ইতিবাচক।” 
 
চলতি আসরে বরিশালকে এর আগে দুইবার হারিয়েছে কুমিল্লা। দুইবারই দলকে জয়ের ভিত গড়ে দেন বোলাররা। 
 
দুই দলের প্রথম ম্যাচে ৯০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৮ উইকেটে জেতে কুমিল্লা, টুর্নামেন্টে সেটাই ছিল বরিশালের প্রথম হার। পরের ম্যাচে কোনোমতে একশ’ পার হলেও মাহমুদউল্লাহর দল হারে ৭ উইকেটে।
 
শুধু এই দুই ম্যাচ নয়, অন্য ম্যাচগুলো যেভাবে জিতেছেন, ফাইনালে সেভাবেই খেলতে চান মাশরাফি।
 
“আশা করছি, আমরা শেষ যতগুলো ম্যাচ জিতেছি, যেভাবে ইতিবাচকভাবে খেলে এসেছি সেভাবে খেলতে পারলে ভালো কিছু হবে।”