২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বকাপের এক গ্রুপে গত ৩ বারের চ্যাম্পিয়নরা

ভারত-পাকিস্তানের সম্ভাব্য সিরিজ ভেস্তে যাওয়ার জোগাড়। তবে গত টি-টোয়েন্টি বিশ্বকাপের মত আগামী আসরেও একই গ্রুপে পড়েছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল। অন্য গ্রুপে আবার এক সঙ্গেই পড়েছে সবশেষ তিন বারের চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ড!

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Dec 2015, 05:11 PM

Updated : 25 Apr 2022, 02:16 PM

সুপার টেন গ্রুপ ১-এ গত তিন আসরের চ্যাম্পিয়নের সঙ্গী দক্ষিণ আফ্রিকা ও প্রথম রাউন্ড উতরে আসা দল।

সুপার টেন গ্রুপ ২-এ প্রথম দুই আসরের চ্যাম্পিয়ন ভারত ও পাকিস্তানের সঙ্গী এখনও শিরোপা জিততে না পারা অস্ট্রেলিয়া ও নিউ জিল্যান্ড। প্রথম রাউন্ড পার হতে পারলে বাংলাদেশও থাকবে এই গ্রুপেই।

২৭ দিনের টুর্নামেন্টে ছেলে ও মেয়েদের ম্যাচগুলো মিলিয়ে মোট ম্যাচ ৫৮টি। প্রথম রাউন্ডের খেলা দিয়ে ৮ মার্চ নাগপুরে শুরু হবে টুর্নামেন্ট। ৩০ মার্চ নয়া দিল্লি ও ৩১ মার্চ মুম্বাইয়ে হবে সেমি-ফাইনাল। ৩ এপ্রিল ফাইনাল কলকাতার ইডেন গার্ডেনসে। ফাইনালের জন্য থাকবে একটি রিজার্ভ ডে।

নাগপুর, দিল্লি, মুম্বাই ও কলকাতা ছাড়াও খেলা হবে চেন্নাই, বেঙ্গালুরু, ধর্মশালা ও মোহালিতে।

ছেলেদের টুর্নামেন্টের মোট প্রাইজমানি থাকছে এবার ৫৬ লাখ মার্কিন ডলার, গত আসরের চেয়ে যা ৮৬ শতাংশ বেশি। মেয়েদের আসরের জন্য প্রাইজমানি গতবারের চেয়ে ১২২ শতাংশ বেড়ে হয়েছে ৪ লাখ ডলার।

ছেলেদের টি-টোয়েন্টি বিশ্বকাপের পাঁচ আসরে চ্যাম্পিয়ন হয়েছে ৫ দল। ২০০৭ সালে দক্ষিণ আফ্রিকায় শিরোপা জিতেছে ভারত, ২০০৯ সালে ইংল্যান্ডে জিতেছে পাকিস্তান। ২০১০ সালে ইংল্যান্ড জিতেছে প্রথম কোনো বৈশ্বিক শিরোপা; স্বাগতিক ছিল সেবার ওয়েস্ট ইন্ডিজ। ২০১২ সালে ওয়েস্ট ইন্ডিজ জিতেছে শ্রীলঙ্কার মাটিতে। ২০১৪ সালে বাংলাদেশে চ্যাম্পিয়ন হয়েছে শ্রীলঙ্কা।

মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ হয়ে আসছে ২০০৯ সাল থেকে। প্রথম বার শিরোপা জিতেছিল স্বাগতিক ইংল্যান্ড, পরের তিন বারই জেতে অস্ট্রেলিয়া।