২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুরকে শীর্ষে ফেরালেন জহুরুল

রংপুর রাইডার্সকে বিপিএলের শীর্ষে ফিরিয়েছেন জহুরুল ইসলাম। তার অপরাজিত অর্ধশতকে মাশরাফি বিন মুর্তজার কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে হারিয়েছে রংপুর। ২১ রানের এই জয়ে সেরা দুইয়ে থাকার আশা বাঁচিয়ে রাখল সাকিব আল হাসানের দল।

অনীক মিশকাত অনীক মিশকাত

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2015, 08:22 PM

Updated : 12 Oct 2022, 04:39 PM

পুরনো খবর:

আর পেরে উঠছেন না মাশরাফি
জহুরুলের জন্য খুশি মাশরাফি
দুঃসময়ে বদলেছে জহুরুলের জীবন দর্শন
‘লিটনকে বাদ দেওয়ার প্রশ্নই উঠে না’

১০ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠে এসেছে রংপুর। এক ম্যাচ কম খেলা কুমিল্লার পয়েন্ট ১২। ৮ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে তিন নম্বরে রয়েছে বরিশাল বুলস।

মঙ্গলবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ১৫৩ রান করে রংপুর। জবাবে এক বল বাকি থাকতে ১৩২ রানে অলআউট হয়ে যায় কুমিল্লা।

বড় লক্ষ্য তাড়া করতে নেমে কুমিল্লাকে উড়ন্ত সূচনা এনে দেন ইমরুল কায়েস। ড্যারেন সামির বলে ব্যাটের কানায় লেগে থার্ড ম্যানে ক্যাচ দেওয়া এই বাঁহাতি ব্যাটসম্যান খেলেন ২৪ বলে ৩৮ রানের ঝড়ো ইনিংস।

সাকিবের প্রথম ওভারেই পর পর দুই চার হাঁকান ইমরুল। পরে আরাফাত সানিকে পরপর দুই বলে ছক্কা-চার মারেন তিনি। থিসারা পেরেরার ওভারে তিন চার হাঁকিয়ে রংপুরের ব্যাটিং এলোমেলো করে দেন ইমরুল।

ষষ্ঠ ওভারে ইমরুলের বিদায়ের পর ছন্দে ফিরেন রংপুরের বোলাররা। বিনা উইকেটে ৪৮ থেকে কুমিল্লার স্কোর পরিণত হয় ৬৩/৪-এ। দ্রুত ফিরে যান দলে ফেরা মাহমুদুল হাসান, আগের ম্যাচের সেরা খেলোয়াড় আহমেদ শেহজাদ ও আশার জাইদি।

দুই অঙ্কে পৌঁছেই শুভাগত হোম চৌধুরী ও আন্দ্রে রাসেলের বিদায় দলের বিপদ আরও বাড়ায়। সাকিবের বলে এগিয়ে এসে লং অন দিয়ে বিশাল ছক্কা হাঁকানো রাসেল পরের বলে তার পুনরাবৃত্তি করতে গিয়ে থিসারার ক্যাচে পরিণত হন।

মাশরাফি যখন ক্রিজে আসেন তখন দলের প্রয়োজন ২৪ বলে ৫২ রান। সাকলাইন সজীবকে ছক্কা হাঁকিয়ে শুরুটা দারুণ করেছিলেন কুমিল্লার অধিনায়ক। তৃতীয় বলে তার পুনরাবৃত্তি করতে গিয়ে লং অফে মোহাম্মদ নবিকে ক্যাচ দিয়ে তিনি ফিরে যান।

শোয়েব মালিক অধিনায়ককে দ্রুত অনুসরণ করলে কুমিল্লার শেষ আশাটুকু শেষ হয়ে যায়। এরপর আবু হায়দার (৬ বলে ১৮*) ব্যবধানই কমিয়েছেন কেবল।

রংপুরের থিসারা ১৮ রানে নেন তিন উইকেট। এছাড়া দুটি করে উইকেট নেন নবি ও সাকলাইন।

এর আগে শুরুটা ভালো হয়নি রংপুরের। দ্বিতীয় ওভারেই ফিরে যান সৌম্য সরকার। মালিককে চার হাঁকিয়ে শুরু করা এই বাঁহাতি ব্যাটসম্যান দুই অঙ্কে যেতে পারেননি। সৌম্যকে ফেরানো সেই ওভারটি মেডেন নেন হায়দার।

সৌম্যর বিদায়ের পর ক্রিজে আসা জহুরুল বাঁহাতি পেসার হায়দারের পরের ওভারে পর পর তিনটি চার হাঁকিয়ে পাল্টা আক্রমণে যান। বিপিএলের চলতি আসরে নিজের প্রথম অর্ধশতকে দলকে ভালো সংগ্রহ এনে দেন তিনিই।

দুই অঙ্কে পৌঁছেই ফিরে যান লেন্ডল সিমন্স। কামরুল ইসলামের তিন বলে ১০ রান নেওয়ার পর লং লেগ দিয়ে ছক্কা হাঁকাতে গিয়ে ক্যাচ দিয়ে ফিরে যান সাকিব (২০)। দুই অঙ্কে যেতে পারেননি অলরাউন্ডার থিসারা পেরেরা।

এক প্রান্তে অবিচল থাকা জহুরুলের সঙ্গে ৩৯ রানের কার্যকর একটি জুটি গড়েন সামি। ২০ বলে ২৪ রান করা এই অলরাউন্ডারকে থামান স্বদেশি রাসেল।

রানের গতি থামাতে ১৯তম ওভারে নিজেই বোলিংয়ে আসেন মাশরাফি। ছোট রান আপে বল করে খুব একটা সফল হননি। জহুরুল প্রথম বলে এক রান নেওয়ার পর বিশাল এক ছক্কাসহ ১১ রান নেন নবি।

শেষ পর্যন্ত ৬২ রানে অপরাজিত থাকেন জহুরুল। তার ৫০ বলের ইনিংসটি ৭টি চার ও দুটি ছক্কা সমৃদ্ধ। শেষের দিকে ঝড়ো ব্যাটিংয়ে দেড়শ’ পার হয় রংপুরের সংগ্রহ। শেষ ৫ ওভারে দুই উইকেট হারিয়ে ৫৪ রান যোগ করে দলটি।

শেষের এই ঝড়টাই শেষ পর্যন্ত ম্যাচে পার্থক্য গড়ে দেয়। ইমরুল ঝড় তুলে ফিরে যাওয়ার পর নিয়মিত বিরতিতে উইকেট হারানো কুমিল্লা শেষ পর্যন্ত আর পেরে উঠেনি।