‘লিটনকে বাদ দেওয়ার প্রশ্নই উঠে না’
ফর্মের জন্য বাদ পড়েননি লিটন দাস। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা জানিয়েছেন, নিজে থেকে চাওয়াতেই রংপুর রাইডার্সের বিপক্ষে বিশ্রাম দেওয়া হয়েছিল এই তরুণ উইকেটরক্ষক-ব্যাটসম্যানকে।
বরিশাল বুলসের বিপক্ষে আগের ম্যাচেই বাজে এক শট খেলে শূন্য রানে আউট হয়েছিলেন লিটন। সেই শটের জন্যই রংপুর রাইডার্স ম্যাচে তাকে বাদ দেওয়া হয়েছে কি না এমন প্রশ্নের জবাবে মাশরাফি বলেন, “লিটনকে বাদ দেওয়ার প্রশ্নই উঠে না। ও নিজে থেকেই বিশ্রাম চেয়েছিল, আমরা ওর ইচ্ছেকে সম্মান জানিয়েছি।”
মঙ্গলবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দিনের দ্বিতীয় ম্যাচে কুমিল্লাকে ২১ রানে হারায় রংপুর।
বিপিএলে এখনও সেভাবে রান পাননি লিটন। তবে ২১ বছর বয়সী এই তরুণের ওপর আস্থার কমতি নেই মাশরাফির। তিনি মনে করেন, লিটন হয়তো মনে করেছেন খেলার বাইরে থাকলে তার রিল্যাক্স থাকার সুযোগ মিলবে।
বিপিএলে রানের জন্য সংগ্রাম করতে হচ্ছে লিটনকে। জাতীয় দলের এই ব্যাটসম্যানের ইনিংসগুলো এমন ৩, ৯, ৪২, ৩১, ৩, ০। মাশরাফি মনে করেন, এই তরুণ ব্যাটসম্যানের ছন্দে ফিরতে কেবল একটা বড় ইনিংস দরকার।
এর আগে জ্বরের জন্য দুটি ম্যাচে খেলতে পারেননি লিটন।
