২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জহুরুলের জন্য খুশি মাশরাফি

৬২ রানের দারুণ এক ইনিংসে প্রতিপক্ষ অধিনায়কেরও প্রশংসা পেয়েছেন জহুরুল ইসলাম। দুই বছর ধরে দুঃসময়ে থাকা এই টপ অর্ডার ব্যাটসম্যান রানে ফেরায় খুশি মাশরাফি বিন মুর্তজা।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2015, 11:44 PM

Updated : 25 Apr 2022, 02:15 PM

মঙ্গলবার কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে রংপুর রাইডার্সের ২১ রানের জয়ে সবচেয়ে বড় অবদান ছিল জহুরুলের। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মাশরাফি জানান, নির্ভুল এক ইনিংস খেলেছেন জহুরুল।

“অসাধারণ এক ইনিংস খেলেছে সে। গত দুই বছর সে খুব সমস্যায় ছিল। মেয়ের অসুস্থতা, নিজের চোটে ক্রিকেট থেকে দূরে থাকতে হয়েছে তাকে। ও খেলায় ফিরেছে, রান পেয়েছে; ওর জন্য আমি খুশি।”

মাশরাফি জানান, মেয়ের চিকিৎসার জন্য লম্বা একটা সময় ব্যস্ত থাকতে হয়েছে জহুরুলকে। চোট থেকে সেরে উঠতে দুই বছরে দুইবার অস্ত্রোপচার করাতে হয়েছে এই ডানহাতি ব্যাটসম্যানকে।

২০১৩ সালের মে মাসে সর্বশেষ জাতীয় দলের হয়ে খেলেছিলেন জহুরুল। এরপর থেকে একরকম ক্রিকেটের বাইরেই থাকতে হয়েছিল তাকে। সব বাধা কাটিয়ে মাঠে ফেরা এই ক্রিকেটার ক্রমশ ফিরে পাচ্ছেন নিজেকে। তার এই দৃঢ়তা তাই দাগ কেটেছে অনেকবার লড়াই করে খেলায় ফেরা মাশরাফির মনেও।