আত্মবিশ্বাসী সাকিবের দৃষ্টি সেরা দুইয়ে
এক ম্যাচ বাকি রেখেই শেষ চারে থাকা নিশ্চিত করে আত্মবিশ্বাসী সাকিব আল হাসান। রংপুর রাইডার্স অধিনায়ক তাকিয়ে এবার শীর্ষ দুইয়ে।
বরিশাল বুলসের কাছে হেরে চিটাগং পর্ব শেষ করলেও ঢাকায় ফিরে টানা দুই ম্যাচ জিতেছে রংপুর। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের পর নিশ্চিত করেছে শেষ চারও। সোমবার সিলেট সুপার স্টার্সকে ৮ উইকেটে উড়িয়ে দিয়েছে তারা।
সিলেটকে ৫৯ রানে গুটিয়ে দিয়ে বোলাররাই গড়ে দিয়েছিলেন জয়ের ভিত্তি। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বোলাদের কথা আলাদা করেই বললেন সাকিব।
“আরাফাত সানি অসাধারণ বোলিং করেছে। সব বোলারই আসলে নিজেদের কাজটা করেছে। ওদের ব্যাটসম্যানরা একটু তাড়াহুড়ো করেছে, আমাদের বোলাররা সেটা কাজে লাগিয়েছে।”
টুর্নামেন্ট শুরুর আগে কাগজে-কলমে অন্যতম ফেবারিটের তকমা পাওয়া দলটির চাওয়া এখন প্রাথমিক পর্বে সেরা দুইয়ে থাকা।
“আমরা এখন দারুণ আত্মবিশ্বাসী। আশা করি, শেষ ম্যাচটা জিতে সেরা দুইয়ে থাকা নিশ্চিত করতে পারব।”
এবারের বিপিএলে ফাইনালিস্ট নির্ধারণে বেছে নেওয়া হয়েছে আইপিএলের ধারা। শীর্ষ দুইয়ে থাকলে ফাইনালে ওঠার সুযোগ থাকবে অন্তত দুটি। শীর্ষ দুই দলের লড়াইয়ে জয়ী দল চলে যাবে ফাইনালে। আর হেরে যাওয়া দল সুযোগ পাবে আরেকটি। মুখোমুখি হবে তৃতীয় ও চতুর্থ স্থানে থাকা দলের লড়াইয়ে বিজয়ী দলের সঙ্গে।
সোমবারের দুই ম্যাচের পর ৯ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে রংপুর। এক ম্যাচ কম খেলে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে কুমিল্লা। মঙ্গলবারই মুখোমুখি হবে এই দুই দল।
