২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ডি ভিলিয়ার্স, আমলার প্রতিরোধ ভেঙে ভারতের জয়

মাটি কামড়ানো ব্যাটিংয়ে দিল্লি টেস্ট বাঁচাতে প্রাণপণ চেষ্টা করেছিলেন এবি ডি ভিলিয়ার্স, হাশিম আমলারা। কিন্তু শেষরক্ষা হয়নি। রবিচন্দ্রন অশ্বিন, উমেশ যাদবের দারুণ বোলিংয়ে ২৭ বলের মধ্যে অতিথিদের শেষ ৫ উইকেট তুলে নিয়ে দারুণ এক জয় পেয়েছে ভারত।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2015, 05:09 PM

Updated : 22 Aug 2022, 02:10 PM

চতুর্থ ও শেষ টেস্টে ৩৩৭ রানে জিতেছে ভারত। এই জয়ে চার ম্যাচের সিরিজ ৩-০ ব্যবধানে ঘরে তুলেছে বিরাট কোহলির দল। আইসিসি টেস্ট র‌্যাঙ্কিংয়ের শীর্ষ দলের বিপক্ষে এই সিরিজ জয়ে র‌্যাঙ্কিংয়ের দুই নম্বরে উঠে এসেছে তারা।

২০০৬ সালের পর প্রথম কোনো সিরিজে তিন টেস্ট হারা দক্ষিণ আফ্রিকা ১১৪ পয়েন্ট নিয়ে শীর্ষ স্থান ধরে রেখেছে। অস্ট্রেলিয়াকে (১০৯) ও পাকিস্তানকে (১০৬) পেছনে ফেলে আমলাদের পরের স্থানটিতেই উঠে এসেছে ভারত (১১০)।

সোমবার দিল্লির ফিরোজ শাহ কোটলায় ২ উইকেটে ৭২ রান নিয়ে চতুর্থ ও শেষ টেস্টের পঞ্চম দিনের খেলা শুরু করে দক্ষিণ আফ্রিকা। জয়ের জন্য শেষ দিন আরও ৪১০ রান প্রয়োজন ছিল অতিথিদের। প্রায় অসম্ভব সেই লক্ষ্য তাড়ার কোনো চেষ্টাই করেননি আমলারা, সময় কাটানোর দিকেই ছিল তাদের সমস্ত মনোযোগ।

টেস্টে দুইশ’ বা তার বেশি বল স্থায়ী সবচেয়ে মন্থর তিনটি জুটিই দিল্লিতে গড়েছে দক্ষিণ আফ্রিকা। তারপরও ম্যাচ বাঁচাতে পারেননি তারা।

প্রথম ইনিংসে ১২১ রানে অলআউট হওয়া দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় ইনিংসে করে ১৪৩ রান। এই রান করতে গিয়ে অতিথিরা খেলে ১৪৩.১ ওভার।

দিনের শুরুতেই আমলাকে হারায় দক্ষিণ আফ্রিকা। ২৫ রান করা আমলার ২৪৪ বলের প্রতিরোধ ভাঙে রবিন্দ্র জাদেজার বলে বোল্ড হয়ে। পরের উইকেটের জন্য লম্বা সময় অপেক্ষা করতে হয় কোহলিদের।

সিরিজে অনুজ্জ্বল ফাফ দু প্লেসির সঙ্গে ২১১ বল স্থায়ী ৩৫ রানের জুটি গড়েন ডি ভিলিয়ার্স। ৯৭ বলে ১০ রান করা দু প্লেসিকে এলবিডব্লিউর ফাঁদে ফেলে আবার জমে উঠা জুটি ভাঙেন বাঁহাতি স্পিনার জাদেজা।

অশ্বিন শূন্য রানে জেপি দুমিনিকে ফেরালেও উইকেটরক্ষক ড্যান ভিলাসকে সঙ্গে নিয়ে দক্ষিণ আফ্রিকাকে ম্যাচ বাঁচানোর পথেই রেখেছিলেন ডি ভিলিয়ার্স। চা-বিরতিতে যাওয়ার সময় অতিথিদের সংগ্রহ ছিল ৫ উইকেটে ১৩৬ রান, তখন আর ২৪ ওভার খেলা বাকি ছিল।

বিরতির পর প্রথম ওভারেই আঘাত হানেন যাদব। ভিলাসকে বোল্ড করেন এই পেসার। পরের ওভারে ডি ভিলিয়ার্সকে ফিরিয়ে দিয়ে ভারতের জয় অনেকটাই নিশ্চিত করে ফেলেন সিরিজে দারুণ বোলিং করা অশ্বিন। ৩৪৫ মিনিট ক্রিজে থেকে ৪৩ রান করতে ডি ভিলিয়ার্স খেলেন ২৯৭ বল।

ডি ভিলিয়ার্সের বিদায়ের পর দক্ষিণ আফ্রিকার ইনিংস বেশি দূর এগোয়নি। কাইল অ্যাবট ও ড্যান পিটকে ফিরিয়ে দেন যাদব। মর্নে মর্কেলকে বোল্ড করে ভারতকে দারুণ জয় এনে দেন অশ্বিন।

৬১ রানে পাঁচ উইকেট নিয়ে ভারতের সেরা বোলার অশ্বিন। ১১.১২ গড়ে ৩১ উইকেট নিয়ে সিরিজ সেরা হয়েছেন এই অফ স্পিনার। ৩২ টেস্টের ক্যারিয়ারে এনিয়ে পাঁচবার সিরিজ সেরা হলেন অশ্বিন।

দুই ইনিংসেই শতক (১২৭, ১০০*) করা অজিঙ্কা রাহানে পেয়েছেন ম্যাচ সেরার পুরস্কার।