জাতীয় দলে হায়দারের সম্ভাবনা দেখছেন মাশরাফি
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) মুগ্ধতা ছড়ানো আবু হায়দারকে নিয়ে নিজের আশার কথা জানিয়েছেন মাশরাফি বিন মুর্তজা। সীমিত ওভার ক্রিকেটে বাংলাদেশের অধিনায়ক মনে করছেন, উন্নতির ধারা ধরে রাখতে পারলে একদিন দেশের হয়েও খেলতে পারেন তরুণ এই পেসার।
দেশের হয়ে খেলাটা অবশ্য নতুন হবে না হায়দারের জন্য। বাঁহাতি এই পেসার ১৬ বছর বয়সেই খেলেছেন অনূর্ধ্ব-১৯ দলে। ২০১২ সালে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে কাতারের বিপক্ষে ৯ উইকেট নিয়ে চমকে দিয়েছিলেন তিনি। সেই ম্যাচে অবশ্য আলো কেড়ে নিয়েছিলেন দ্বিশতক করা সৌম্য সরকার।
মাশরাফি, নুয়ান কুলাসেকারার সঙ্গে পেস আক্রমণে কুমিল্লা ভিক্টোরিয়ান্সে নির্ভরতা যোগাচ্ছেন হায়দার। এই দুই অভিজ্ঞ পেসারের ছায়া থেকে বের হয়ে আলো ছড়াচ্ছেন ১৯ বছর বয়সী তরুণ। এখন পর্যন্ত পেসারদের মধ্যে সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন তিনিই; ৬ ম্যাচে নিয়েছেন ১২টি।
