বোলিং করার কথাই ছিল না মাশরাফির!
চোটের কারণে ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে বোলিং করারই কথা ছিল না মাশরাফি বিন মুর্তজার। কিন্তু এই ম্যাচেই দারুণ বোলিংয়ে আর অধিনায়কত্বে জিতিয়েছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে।
এমনিতে প্রতি ম্যাচেই হাঁটুতে নিক্যাপ, দুই পায়ের নানা জায়গায় টেপ-ব্যান্ড পেঁচিয়ে মাঠে নামতে হয় মাশরাফিকে। এই মাচের আগে টেপ জড়াতে হয়েছিল বাম হ্যামস্ট্রিংয়েও। ম্যাচ জুড়ে মাঠে হাঁটা চলা ছিল প্রায় খুঁড়িয়ে খুঁড়িয়ে। বোলিং করেছেন মাত্র কয়েক পা দৌড়ে, গতি ছিল অনেক কম। অনেকটা ছুটে গিয়ে নাসির হোসেনের ক্যাচ নেওয়ার পর আবার টান লাগে চোট পাওয়া হ্যামস্ট্রিংয়ে। পরের ওভারে একই জায়গায় আবার লাগে টান!
কিন্তু স্কোরকার্ড দেখলে কে বলবে, সমস্যার পাহাড় নিয়ে মাঠে নেমেছিলেন মাশরাফি! ৪ ওভার বোলিং করে মাত্র ১৮ রান দিয়ে নিয়েছেন রায়ান ডেন ডেসকাটের উইকেট। যথারীতি মাঠে ছিলেন প্রাণবন্ত, নেতৃত্ব ছিল দারুণ অনুপ্রেরণাদায়ী। মাঝারি পুঁজি নিয়ে লড়াই করতে নানা ভাবে উজ্জীবিত করেছেন দলকে।
কিন্তু খেলার উত্তেজনা শেষে আবার অস্তিত্ব জানান দেয় নানা চোট। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মাশরাফি শোনালেন নিজের অবস্থা।
“গত মাচেই হ্যামস্ট্রিংয়ে ছোট একটা ‘টিয়ার’ হয়েছে। আজকে আমার বোলিং করার কথা ছিল না। ডলার ইনজুরিতে পড়ায় আমাকে বোলিং করতে হয়েছে। এজন্য শর্ট রান আপে বোলিং করছিলাম।”
বীরোচিত এই পারফরম্যান্সের সঙ্গে থাকছে শঙ্কাও। দিনের পর দিন এত অত্যাচার করলে তো একদিন চূড়ান্ত বিদ্রোহই করে বসতে পারে শরীর!
বিশ্রামের প্রয়োজনটা অনুভব করছেন মাশরাফি নিজেও। কিন্তু আপোশ করতে চান না দায়বদ্ধতার সঙ্গে।
“কিছু দায়িত্ব তো নিতেই হয়। দায়বদ্ধতার ব্যাপার আছে। একটু বিশ্রাম পেলে ভালো হত। আসলে এখন এমন পরিস্থিতি যে যদি হারতে থাকি তাহলে সমস্যা। শেষ চার নিশ্চিত করার ব্যাপার আছে। এজন্যই নিজেকে বাঁচিয়ে রেখে যতটুকু খেলা যায়, ততটুকু খেলছি।”
