‘বড় বড়’ ক্রিকেটারদের সঙ্গে থেকে খুশি মুস্তাফিজ
অর্জন বড় হলেও প্রতিক্রিয়া সাদামাটা; উচ্ছ্বাসেও নেই বাড়াবাড়ি। আইসিসির বর্ষসেরা একাদশে বড় বড় ক্রিকেটারদের সঙ্গে থাকতে পেরেই খুশি মুস্তাফিজুর রহমান।
বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে আইসিসি বর্ষসেরা ওয়ানডে দলে জায়গা করে নিয়েছেন মুস্তাফিজ। বাংলাদেশ সময় বুধবার দুপুরে এসেছে খবরটি। বিপিএলের ম্যাচে খেলতে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মুস্তাফিজ তখন ব্যস্ত গা গরম করায়।
ঢাকা ডায়নামাইটসের ম্যানেজার খবরটি দিয়েছিলেন মুস্তাফিজকে। পরে সতীর্থরা জানিয়েছেন অভিনন্দন। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মুস্তাফিজ শোনালেন ওই সময়ের অনুভূতি।
“মাঠে ছিলাম তখন, সবাই অভিনন্দন জানালো। ভালো লেগেছে অনেক। আমার দেশ থেকে আমিই প্রথম! ওখানে এত বড় বড় ক্রিকেটাররা আছেন। খুশি হওয়ারই কথা।”
ওয়ানডে অভিষেক হয়েছে ৬ মাসও হয়নি। দল নির্বাচনে আইসিসির বিবেচনায় নেওয়া সময়ে মুস্তাফিজ ওয়ানডে খেলতে পেরেছেন মোটে ৬টি। এইটুকু সময়ে এত বড় অর্জন, তবু উচ্ছ্বাসে ভেসে যাচ্ছেন না তরুণ পেসার।
“কতটুকু সময়ে কি করলাম, আমি সেভাবে চিন্তা করি না। আমাকে সুযোগ দেওয়া হয়েছে যখন, সব সময়ই চিন্তা ছিল ভালো খেলার।”
মুস্তাফিজ জানালেন, স্বীকৃতি মিলুক বা না মিলুক, ভালো করতে চান সব সময়ই।
“সব সময়ই আমার চিন্তা থাকে ভালো বোলিং করার। আগেও ছিল, এখনও আছে। দেশের হয়ে কিছু করতে চাই সব সময়।”
