২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘মুস্তাফিজের অজর্ন পুরো বাংলাদেশেরই গর্ব’

আইসিসি বর্ষসেরা ওয়ানডে একাদশে মুস্তাফিজুর রহমানের জায়গা পাওয়াকে পুরো দেশের জন্যই গর্বের ব্যাপার মনে করেন মাশরাফি বিন মুর্তজা।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Dec 2015, 07:26 PM

Updated : 22 Aug 2022, 02:07 PM

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মাশরাফি সংবাদ সম্মেলনে এসেছিলেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অধিনায়ক হিসেবে ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে ম্যাচ জয়ের পর। কিন্তু তিনি তো বাংলাদেশ দলেরও অধিনায়ক। ফ্র্যাঞ্চাইজি বা বিপিএল ছাপিয়ে সংবাদ সম্মেলনের শুরুতেই উঠল মুস্তাফিজ প্রসঙ্গ। মাশরাফিও যেন প্রস্তুতই ছিলেন।

“প্রশ্ন না হলেও নিজে থেকেই বলতাম। আমাদের সবার জন্য অনেক বড় অর্জন এটি। এত কম বয়সে, এত দ্রুত এত বড় জায়গায় অবস্থান করে নিয়েছে, আমি মনে করি, গোটা বাংলাদেশের জন্য গর্বের ব্যাপার। আশা করি, দেশের প্রতিটি মানুষ গর্বিত হবে ওর অর্জনে।”

মাশরাফির আশা, এখানেই না থেমে আরও অনেক পথ পাড়ি দেবেন মুস্তাফিজ।

“মুস্তাফিজ এত কম বয়সে ও এত কম সময়ে এত কিছু অর্জন করেছে, আমরা কেউ আশা করিনি। আইসিসি একাদশে জায়গা পাওয়াই শুধু নয়, যেভাবে বোলিং করছে, পুরো দলের ব্যালান্সই অন্য রকম করে দিয়েছে। আশা করি, সে এই পারফরম্যান্স ধরে রাখবে। এখানেই না থেমে এক সময় টেস্ট একাদশেও জায়গা করে নেবে।”

অধিনায়কের অনুরোধ, প্রত্যাশার ভারে মুস্তাফিজকে যেন নুইয়ে দেওয়া না হয়।

“ওর ওপর যেন বেশি চাপ না দেওয়া হয়। এক সময় ওর খারাপ সময় আসবে। প্রত্যাশা এমন জায়গায় যেন না যায় যে একটা-দুটো ম্যাচ খারাপ করলেই ওকে মানসিক চাপে ফেলে দেয়া হয়। এটা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের সবাইকে এই ব্যালান্সগুলো করতে হবে। ওর বয়স এখনও কম। ১০-১৫ বছর খেলতে পারলে সে এমন কিছু অর্জন করবে, বাংলাদেশের কেউ কখনো আগে যা করেনি।”

পুরনো খবর:

আইসিসির বর্ষসেরা ওয়ানডে দলে মুস্তাফিজ