২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জুটি সঙ্গীর প্রশংসায় মুশফিক

দারুণ এক শতক করে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডেতে লড়াইয়ের পুঁজি গড়ায় সবচেয়ে বড় অবদান মুশফিকুর রহিমের। তবে ম্যাচের এই সেরা খেলোয়াড় প্রশংসায় ভাসিয়েছেন ক্যারিয়ার সেরা ব্যাটিং করা সাব্বির রহমানকে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2015, 10:32 PM

Updated : 25 Apr 2022, 02:06 PM

শনিবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মুশফিকের সঙ্গে যখন জুটি বাধেন সাব্বির তখন বিপদে বাংলাদেশ। ২৮তম ওভারে ১২৩ রানে ফিরে গেছেন লিটন দাস, মাহমুদউল্লাহ, তামিম ইকবাল ও সাকিব আল হাসান।

পেছনে ছিল শেষ বিশেষজ্ঞ ব্যাটসম্যান নাসির হোসেন। রানের গতি বাড়ানোর সঙ্গে তাই উইকেট ধরে রাখারও চাপ ছিল মুশফিক-সাব্বিরের ওপর। অসাধারণ ব্যাটিংয়ে সেই চাপ কাটিয়ে দলকে ভালো সংগ্রহের দিকে নিয়ে যান তারা।

১৮ ওভার ৫ বলে ১১৯ রানের চমৎকার এক জুটি উপহার দেন মুশফিক-সাব্বির। রান আউট হয়ে ফেরার আগে ওয়ানডেতে নিজের আগের সর্বোচ্চ ৫৩ রানকে ছাড়িয়ে যান সাব্বির। ৫৮ বলে দুটি ছক্কা ও চারটি চারে ৫৭ রানের এক কার্যকর ইনিংস খেলেন তিনি। 

ম্যাচ শেষে এই ইনিংসের প্রশংসায় মুশফিক বলেন, “সাব্বিরের ইনিংসটা খুব দরকারী ছিল আমাদের জন্যে। উইকেটে গিয়ে রান করাটা খুব সহজ ছিল না। ও এসে যখন খুব সহজে ও দ্রুত রান করছিল তখন আমার থেকেও চাপ অনেকটা কমে গেছিল। ওর সাথে আমার জুটিটা খুব গুরুত্বপূর্ণ ছিল। পুরো কৃতিত্ব তাকে দেওয়া উচিত।”