ওয়ার্নার, উসমানের শতকে বিশাল সংগ্রহের পথে অস্ট্রেলিয়া
ডেভিড ওয়ার্নার ও উসমান খাওয়াজার শতকে ব্রিসবেনে নিউ জিল্যান্ডের বিপেক্ষে প্রথম টেস্টে বিশাল সংগ্রহের পথে রয়েছে অস্ট্রেলিয়া। জোড়া শতকে প্রথম দিন শেষে ২ উইকেটে ৩৮৯ রান করেছে স্বাগতিকরা।
ব্রিসবেন ক্রিকেট গ্রাউন্ডে টেস্টের প্রথম দিনে এটাই স্বাগতিকদের সর্বোচ্চ রান। তাদের আগের সর্বোচ্চ ছিল ইংল্যান্ডের বিপক্ষে। ২০০২ সালে ৩৬৪ রান করেছিল তারা।
বৃহস্পতিবার গ্যাবায় টস জিতে ব্যাট করতে নামা অস্ট্রেলিয়াকে ভালো সূচনা এনে দেন ওয়ার্নার ও জো বার্নস। তাদের ১৬১ রানের উদ্বোধনী জুটি বড় সংগ্রহের ভিত গড়ে দেয় স্টিভেন স্মিথের দলকে।
টেস্টে এ নিয়ে টানা তিন ইনিংসে শতরানের জুটি পেল অস্ট্রেলিয়া। ওভালে অ্যাশেজ টেস্টে দুই ইনিংসে ১১৩ ও ১১০ রানের দুটি উদ্বোধনী জুটি পেয়েছিল তারা।
বার্নসকে ফিরিয়ে ৩৮.৫ ওভার স্থায়ী জুটি ভাঙেন জেমস নিশাম। ৭১ রান করা বার্নসের ১২০ বলের ইনিংসটি সাজানো ১২টি চারে।
গ্যাবায় ২০০১ সালের পর এই প্রথম শতরানের উদ্বোধনী জুটি পেল অস্ট্রেলিয়া। সেবার নিউ জিল্যান্ডের বিপক্ষেই ২২৪ রানের জুটি গড়েছিলেন ম্যাথু হেইডেন ও জাস্টিন ল্যাঙ্গার।
২২৪ বলে খেলা ওয়ার্নারের ১৬৩ রানের ইনিংসটি ১৯টি চার ও একটি ছক্কা সমৃদ্ধ।
এ নিয়ে দ্বিতীয়বার টেস্টে এক ইনিংসে প্রথম ও দ্বিতীয় উইকেটে দেড়শ’ রানের জুটি পেল অস্ট্রেলিয়া। এর আগে ১৯৩০ সালে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম এই কৃতিত্ব দেখিয়েছিল তারা।
শতক করে ওয়ার্নার ফিরে গেলেও অবিচল রয়েছেন উসমান। অবিচ্ছিন্ন তৃতীয় উইকেটে অধিনায়ক স্মিথের সঙ্গে ৭৮ রানের জুটি গড়েছেন তিনি। ক্যারিয়ারের প্রথম শতক পাওয়ার পর পাকিস্তানে জন্ম নেওয়া এই ক্রিকেটার অপরাজিত রয়েছেন ১০২ রানে। তার ১৩৩ বলের ইনিংসটি সাজানো ১০টি চার ও দুটি ছক্কায়। স্মিথ ব্যাট করছেন ৪১ রানে।
