২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফরহাদ, হামিদুলের শতকে রাজশাহীর বড় লিড

শততম প্রথম শ্রেণির ম্যাচে শতক পেয়েছেন ফরহাদ হোসেন। প্রথম শ্রেণির ক্রিকেটে প্রথম শতক পেয়েছেন উইকেটরক্ষক-ব্যাটসম্যান হামিদুল ইসলাম। এই দুই জনের দৃঢ়তায় সিলেটের বিপক্ষে জাতীয় ক্রিকেট লিগের ষষ্ঠ রাউন্ডের ম্যাচে বড় লিড নিয়েছে রাজশাহী।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2015, 05:16 PM

Updated : 22 Aug 2022, 01:44 PM

রোববার দ্বিতীয় স্তরের ম্যাচের দ্বিতীয় দিনের খেলা শেষে সিলেটের সংগ্রহ বিনা উইকেটে ‌১১ রান। ইমতিয়াজ হোসেন ৫ ও শাহনাজ আহমেদ ৬ রানে ব্যাট করছেন। এখনও ২০৮ রানে পিছিয়ে আছে অলক কাপালীর দল।

প্রথম ইনিংসে সিলেটকে ১৭৬ রানে অলআউট করা রাজশাহী করে ৩৯৫ রান। তাদের ২১৯ রানের লিডে সবচেয়ে বড় অবদান ২৩৯ রানের জুটি উপহার দেওয়া ফরহাদ-হামিদুল।

খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে ২ উইকেটে ৪২ রান নিয়ে খেলা শুরু করে রাজশাহী। শুরুতেই জুবায়ের হোসেনকে হারায় তারা। এরপরই প্রতিরোধ গড়েন ফরহাদ ও হামিদুল।

সিলেটের বিপক্ষে প্রথম দেখায় ১৪৫ রানের চমৎকার ইনিংস খেলার পর হঠাৎ করেই যেন ছন্দ হারিয়ে ফেলেছিলেন ফরহাদ। তার শেষ চারটি ইনিংস এমন ০, ১৭, ০, ৩। লিগের শেষটায় আবার আবার সিলেটের বিপক্ষেই রানে ফিরলেন ফরহাদ।

লিগের শুরুতে বরিশালের বিপক্ষে খেলেছিলেন হামিদুল। সেই ম্যাচে ১ রান করা এই উইকেটরক্ষক-ব্যাটসম্যান দলে জায়গা হারান। জাতীয় লিগের শেষ ম্যাচে দলে ফিরেন তিনি। আর ফিরেই ক্যারিয়ারে শতকটি পেলেন তিনি।

ফরহাদকে ফিরিয়ে তার সঙ্গে হামিদুলের ৬০ ওভার স্থায়ী জুটি ভাঙেন অলক কাপালী। সর্বোচ্চ ১৪৪ রান করা ফরহাদের ২৩০ বলের ইনিংসটি সাজানো ১৫টি চার ও ৩টি ছক্কায়। এটি প্রথম শ্রেণির ক্রিকেটে তার দশম শতক।

ফরহাদের বিদায়ের পর বেশিক্ষণ টেকেননি হামিদুলও। তিন অঙ্কে পৌঁছেই ফিরে যান তিনি। ১৮১ বলে খেলা এই উইকেটরক্ষক-ব্যাটসম্যানের ১০৫ রানের ইনিংসটি গড়া ১৫টি চারে।

শেষের দিকে সানজামুল ইসলাম ছাড়া আর কেউ ভালো করতে না পারায় চারশ' ছুঁতে পারেনি রাজশাহী।

৫৫ রানে ৩ উইকেট নিয়ে সিলেটের সেরা বোলার নাসুম আহমেদ। এছাড়া খালেদ আহমেদ ও ইমরান আলী দুটি করে উইকেট নেন।

সংক্ষিপ্ত:

সিলেট প্রথম ইনিংস: ১৭৬

রাজশাহী প্রথম ইনিংস: ১০১.১ ওভারে ৩৯৫ (অভিষেক ০, জুনায়েদ ২৯, ফরহাদ হোসেন ১৪৪, জুবায়ের ১৪, হামিদুল ১০৫, সানজামুল ৩৮, ফরহাদ রেজা ৭, শাহজাদা ০, নিহাদ ১৬, শাফাক ১১, মইনুল ৮*; খালেদ ১৪-১-৫২-২, ইমরান ২০-০-১০১-২, ইমতিয়াজ ৩-০-১৫-০, নাসুম ২৮-৭-৫৫-৩, কাপালী ১১-০-৪৬-১, ফেরদৌস ১৩-০-৫৩-০, এনামুল জুনিয়র ১২.১-০-৬০-১)

সিলেট দ্বিতীয় ইনিংস: ৩ ওভারে ১১/০ (ইমতিয়াজ ৫*, শাহনাজ ৬*; সানজামুল ২-০-৬-০, নিহাদ ১-০-৫-০)