২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘ছোট সিরিজ বলে কোনো কথা নেই’

সাম্প্রতিক ছন্দে বাংলাদেশ ও জিম্বাবুয়ের অবস্থান দুই মেরুতে। ওয়ানডেতে সাম্প্রতিক সাফল্যে উড়তে থাকা বাংলাদেশের মাটিতে তাল হারানো জিম্বাবুয়ে প্রতিরোধ গড়তে পারবে কি না তাই সেই প্রশ্ন উঠছেই। এই সিরিজে স্বাগতিকরা কিভাবে নিজেদের অনুপ্রাণিত করবে সেই প্রশ্নও উঠছে। তবে এই সব প্রশ্ন থামিয়ে দিয়ে অলরাউন্ডার নাসির হোসেন জানিয়েছেন, প্রতিপক্ষ যেই হোক, প্রতিটি আন্তর্জাতিক ম্যাচই তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। 

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2015, 07:37 PM

Updated : 12 Oct 2022, 04:20 PM

মাশরাফি বিন মুর্তজার দল নিজেদের সর্বশেষ তিন সিরিজ জিতেছে পাকিস্তান-ভারত ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। তিন পরাশক্তিকে কাঁপিয়ে দেওয়া বাংলাদেশ শক্তিতে জিম্বাবুয়ের চেয়ে ঢের এগিয়ে। দেশের মাটিতে জিম্বাবুয়ের কাছে সিরিজ হারের অভিজ্ঞতাও বাংলাদেশের বর্তমান দলটির কারোর নেই।

২০০১ সালে সর্বশেষ বাংলাদেশ থেকে সিরিজ জিতে ফিরেছিল জিম্বাবুয়ে। বাংলাদেশ সফরে এটিই এখন পর্যন্ত তাদের একমাত্র দ্বি-পাক্ষিক সিরিজ জয় হয়ে আছে।

জিম্বাবুয়ের সময়টা এখন খুব একটা ভালো যাচ্ছে না। আফগানিস্তানের বিপক্ষে সর্বশেষ সিরিজে হেরেছে এল্টন চিগুম্বুরার দলটি। শেষ ছয়টি ওয়ানডের চারটিতেই সহযোগী দেশের কাছে হেরেছে তারা।

তাই বলে জিম্বাবুয়েকে খাটো করে দেখছে না বাংলাদেশ। নাসির জানান, এই সিরিজের জন্য তাদের অনুশীলন খুব ভালোভাবে চলছে; প্রস্তুতিও খুব ভালো হচ্ছে।

“আমি ব্যক্তিগতভাবে মনে করি, ভারত-পাকিস্তান-দক্ষিণ আফ্রিকার চেয়ে জিম্বাবুয়ে একটু দুর্বল দল। তারপরও খেলা হচ্ছে একদিনের, সেদিন যারা ভালো খেলবে তারাই জিতবে।”

নাসির জানান, তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ও দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে একটিও খারাপ দিন চায় না বাংলাদেশ।

“ছোট সিরিজ বলে কোনো কথা নেই। খেলোয়াড়দের জন্য প্রতিটি ম্যাচই অনেক গুরুত্বপূর্ণ। ছোট-বড় কোনো কথা নেই। আর যে ভালো সে ভালো দলের সঙ্গেও ভালো খেলতে পারে খারাপ দলের সঙ্গেও ভালো খেলতে পারে।”

ভারত-পাকিস্তান-অস্ট্রেলিয়ার মতো দলের বিপক্ষে খেলা উপভোগ করার ব্যাপারটি স্বীকার করেছেন নাসির।

“আমি ব্যক্তিগতভাবে যেটা অনুভব করি, বড় বড় দলের সঙ্গে খেলাটা আমরা উপভোগ করি। বড় দলগুলোর সঙ্গে খেললে অনেক কিছু শেখার থাকে। সে সময় পারফর্ম করলে অনেক বেশি ফোকাস হয়। অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলা হচ্ছে না; ওরা আসছে না- এতে তো আমাদের করার কিছুই নেই। এটা মেনে নিতে হবে।”

ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে শঙ্কায় বাংলাদেশ সফর স্থগিত করে অস্ট্রেলিয়া। তাদের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে চলতি বছর মুশফিকুর রহিমদের আন্তর্জাতিক খেলা শেষ হওয়ার কথা ছিল। সেই সিরিজ স্থগিত হওয়ায় সীমিত ওভারের দুটি সিরিজ খেলতে আগামী সোমবার ঢাকায় আসছে জিম্বাবুয়ে।