বাংলাদেশ সফরে জিম্বাবুয়ে দলে ক্রেমার-চাকাভা
বাংলাদেশ সফরের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে জিম্বাবুয়ে ক্রিকেট। দলে ফিরেছেন লেগ স্পিনার গ্রায়েম ক্রেমার ও উইকেটরক্ষক-ব্যাটসম্যান রেজিস চাকাভা।
বাংলাদেশ সফরে তিনটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি খেলবে জিম্বাবুয়ে। দুই ধরনের ক্রিকেটেই দলকে নেতৃত্ব দেবেন অলরাউন্ডার এল্টন চিগুম্বুরা।
আফগানিস্তানের বিপক্ষে ঘরের মাঠে সর্বশেষ সীমিত ওভারের দুটি সিরিজে থাকা ব্রায়ান চারি, কেভিন কাসুজা, টিনোটেন্ডা মুটুমবডজি ও ক্রিস্টোফার পোফু জাতীয় দলে জায়গা হারিয়েছেন।
আয়ারল্যান্ডের বিপক্ষে জিম্বাবুয়ে ‘এ’ দলের হয়ে ভালো খেলে জাতীয় দলে ফিরেছেন চাকাভা। গত অগাস্টে নিউ জিল্যান্ডের বিপক্ষে সর্বশেষ খেলেছিলেন তিনি।
গত মাসের শুরুতে পাকিস্তানের বিপক্ষে চার ম্যাচে চার উইকেট পাওয়া লেগ স্পিনার ক্রেমার সেরে উঠেছেন চোট থেকে।
আগামী সোমবার বাংলাদেশে পৌঁছানোর কথা রয়েছে জিম্বাবুয়ে দলের। সফরে ৭ নভেম্বর প্রথম ওয়ানডে খেলবে অতিথিরা।
জিম্বাবুয়ে দল: এল্টন চিগুম্বুরা (অধিনায়ক), সিকান্দার রাজা, রেজিস চাকাভা, চামু চিবাবা, টেন্ডাই চিশোরো, গ্রায়েম ক্রেমার, ক্রেইগ আরভিন, লুক জংউই, নেভিল মাডজিভা, ওয়েলিংটন মাসাকাদজা, রিচমন্ড মুটুমবামি, টাউরাই মুজারাবানি, জন নিয়ুম্বু, টিনাশে পানিয়াঙ্গারা, ম্যালকম ওয়ালার, শন উইলিয়ামস।
