২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জিম্বাবুয়ে সিরিজের প্রাথমিক দলে কামরুল

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের জন্য ১৮ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বিসিবি। দলে একমাত্র নতুন মুখ পেসার কামরুল ইসলাম রাব্বি।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Oct 2015, 06:50 PM

Updated : 25 Apr 2022, 02:03 PM

সবশেষ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজের দল থেকে নেই কেবল রুবেল হোসেন। গত সেপ্টেম্বরে বাংলাদেশ ‘এ’ দলের হয়ে ভারত সফরে চোট পেয়েছিলেন এই পেসার। সেই চোট পুরোপুরি কাটিয়ে উঠতে পারেননি এখনও।

তবে ‘এ’ দলের ওই সফরেই চোট পাওয়া আরও দুই পেসার তাসকিন আহমেদ ও শফিউল ইসলাম আছেন দলে। চোট কাটিয়ে দুজনই নিয়মিত বোলিং করছেন নেটে।

প্রাথমিক দলে রাখা হয়েছে ‘এ’ দলের হয়ে এখন আফ্রিকা সফরে থাকা পেসার আল আমিন হোসেন ও লেগ স্পিনার জুবায়ের হোসেনকেও। দক্ষিণ আফ্রিকা সফর শেষেই জিম্বাবুয়ের সিরিজের জন্য দেশে ফিরবেন আল আমিন, জুবায়ের, কামরুল, সৌম্য সরকার, সাব্বির রহমান ও লিটন দাস।

বিশ্বকাপের পর ওয়ানডেতে আর সুযোগ না পাওয়া ওপেনার ইমরুল কায়েসও আছেন প্রাথমিক দলে।

জিম্বাবুয়ে সফরের জন্য বাংলাদেশ দলের প্রস্তুতি শুরু হবে বৃহস্পতিবার দুপুর থেকে। প্রাথমিক দলে থাকা ক্রিকেটারদের কেউই তাই খেলতে পারবেন না জাতীয় লিগের শিরোপা নির্ধারণী শেষ রাউন্ডে।

সন্তান জন্ম দেওয়ার সময় স্ত্রীর পাশে থাকতে সাকিব আল হাসান এই মুহূর্তে আছেন যুক্তরাষ্ট্রে। তবে জিম্বাবুয়ে সিরিজ খেলতে দারুণ আগ্রহী বিশ্বসেরা অলরাউন্ডার। তার দেশে ফেরার কথা আগামী শনিবার।

জিম্বাবুয়ে সিরিজের প্রাথমিক দল:

মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান, তামিম ইকবাল, এনামুল হক, লিটন কুমার দাস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, সাব্বির রহমান, নাসির হোসেন, আরাফাত সানি, জুবায়ের হোসেন, ইমরুল কায়েস, মুস্তাফিজুর রহমান, আল আমিন হোসেন, কামরুল ইসলাম রাব্বি, শফিউল ইসলাম, তাসকিন আহমেদ।