শাস্ত্রীর বিরুদ্ধে ওয়াংখেড়ের পিচ কিউরেটরের অভিযোগ
ভারত দলের পরিচালক রবি শাস্ত্রী ও বোলিং কোচ বি অরুনের বিরুদ্ধে মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশনের (এমসিএ) কাছে অভিযোগ করেছেন ওয়াংখেড়ে স্টেডিয়ামের পিচ কিউরেটর সুধির নায়েক। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের পঞ্চম ও শেষ ওয়ানডের উইকেট নিয়ে এই দুজন তার সঙ্গে বাজে আচরণ করেছেন বলে উল্লেখ করেন তিনি।
এমসিএর যুগ্ম সচিব উন্মেষ খানভিলকার অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন। এমসিএর পরিচালনা পর্ষদের পরবর্তী সভায় বিষয়টি নিয়ে আলোচনা করা হবে বলেও জানান তিনি। এ বিষয়ে ভারতের ক্রিকেট বোর্ডকে কোনো চিঠি দেওয়া হবে কিনা, তাও ওই সভাতেই সিদ্ধান্ত নেওয়া হবে।
মুম্বাইয়ে গত রোববার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২১৪ রানে হেরে যায় ভারত। নিজেদের ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে রানের দিক থেকে দ্বিতীয় বড় পরাজয়ে সিরিজও হারে স্বাগতিকরা।
ম্যাচ শেষে কিউরেটর সুধির নায়েককে ব্যঙ্গ করে শাস্ত্রী বলেন, ‘দারুণ উইকেট’। পরে উত্তপ্ত বাক্য বিনিময়ের এক পর্যায়ে সুধিরকে শাস্ত্রী গালমন্দ করেন বলেও অভিযোগ ওঠে।
শাস্ত্রী অবশ্য গালমন্দ করার অভিযোগ অস্বীকার করেন।
ভারতের ক্রিকেট বোর্ডের সচিব অনুরাগ ঠাকুর জানান, আগে তারা ঘটনার বিস্তারিত খতিয়ে দেখবে এবং এর পর ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেবে।
