২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টেস্ট জয়ে ভারতকে ছাড়াল পাকিস্তান

ইংল্যান্ডের বিপক্ষে দুবাই টেস্ট জিতে টেস্ট জয়ের তালিকায় চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে ছাড়িয়ে গেছে পাকিস্তান।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2015, 11:21 PM

Updated : 22 Aug 2022, 01:39 PM

সোমবার দুবাই টেস্টের শেষ দিনে ইংল্যান্ডকে ১৭৮ রানে হারিয়েছে পাকিস্তান। পাকিস্তানের টেস্ট ইতিহাসে এটি ছিল ১২৫তম জয়। আর এই জয়েই তারা ছাড়িয়ে গেছে ভারতকে। টেস্টে ভারতের জয় ১২৪টি।

জয়ের সংখ্যায় ১০ টেস্ট খেলুড়ে দেশের মধ্যে পাকিস্তানের অবস্থান এখন পঞ্চম।

এমন এক দিনে ভারতকে ছাড়িয়ে গেল পাকিস্তান, যা দেশটির ক্রিকেট ইতিহাসে স্মরণীয় এক দিন। ৬৩ বছর আগে, এই দিনেই টেস্ট ক্রিকেটে প্রথম জয় পেয়েছিল পাকিস্তান; সেটিও ছিল ভারতকে হারিয়েই! পাকিস্তানের সেটি ছিল মাত্র দ্বিতীয় টেস্ট। দুই ইনিংস মিলিয়ে ৯৪ রানে ১২ উইকেট নিয়েছিল ফাস্ট বোলার ফজল মাহমুদ, পাকিস্তান জিতেছিল ইনিংস ও ৪৩ রানে।

সময়ের পরিক্রমায় রাজনৈতিক বৈরিতার সূত্রে খেলাধুলার অঙ্গনেও দুই দেশ হয়ে উঠেছে চিরপ্রতিদ্বন্দ্বী। ক্রিকেট এই দুই দেশেই সবচেয়ে জনপ্রিয় খেলা বলে প্রতিদ্বন্দ্বিতার আঁচও এখানেই লাগে বেশি।

ভারত ১২৪টি জয় পেয়েছে ৪৯১ টেস্টে। পাকিস্তান তাদের ছাড়িয়ে গেল ৩৯৪ টেস্ট খেলেই। ইংল্যান্ডের বিপক্ষে আগামী রোববার থেকে শুরু তৃতীয় টেস্টে আরেকটি জয় বাড়ানো সুযোগ পাচ্ছে পাকিস্তান।

তবে ভারতও খুব দ্রুতই সুযোগ পাচ্ছে আবার পাকিস্তানকে পেছনে ফেলার। ইংল্যান্ড-পাকিস্তানের টেস্ট সিরিজ শেষ হওয়ার কথা যেদিন, সেই ৫ নভেম্বর থেকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৪ টেস্টের সিরিজ শুরু ভারতের!

পরস্পরকে ছাড়িয়ে যাওয়ার এই সুযোগের পালা চলতেই থাকবে। ভারত-পাকিস্তানের ক্রিকেট প্রতিদ্বন্দ্বিতাও তাই চলতেই থাকবে টেস্ট জয়ের লড়াইয়েও।

টেস্ট ক্রিকেটে  দেশগুলির রেকর্ড:

দল

টেস্ট

জয়

হার

টাই

ড্র

অস্ট্রেলিয়া

৭৮০

৩৬৬

২০৮

২

২০৪

ইংল্যান্ড

৯৬৪

৩৪৪

২৮০

০

৩৪০

ওয়েস্ট ইন্ডিজ

৫১০

১৬৪

১৭৫

১

১৭০

দক্ষিণ আফ্রিকা

৩৯২

১৪৪

১২৯

০

১১৯

পাকিস্তান

৩৯৪

১২৫

১১১

০

১৫৮

ভারত

৪৯১

১২৪

১৫৭

১

২০৯

নিউ জিল্যান্ড

৪০১

৮১

১৬১

০

১৫৯

শ্রীলঙ্কা

২৪৩

৭৫

৮৮

০

৮০

জিম্বাবুয়ে

৯৭

১১

৬০

০

২৬

বাংলাদেশ

৯৩

৭

৭১

০

১৫