কোহলির রেকর্ড ভাঙলেন আমলা
ওয়ানডে ক্রিকেটে সবচেয়ে কম ইনিংসে ছয় হাজার রান পূর্ণ করেছেন হাশিম আমলা। দক্ষিণ আফ্রিকার এই ব্যাটসম্যান ভেঙে দিয়েছেন ভারতের তারকা ব্যাটসম্যান বিরাট কোহলির রেকর্ড।
রোববার মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ভারতের বিপক্ষে পঞ্চম ও শেষ ওয়ানডেতে ১৩ বলে ২৩ রানের ইনিংস খেলার পথে ছয় হাজার রান পূর্ণ করেন আমলা। এটি দক্ষিণ আফ্রিকার টেস্ট অধিনায়কের ১২৩তম ইনিংস।
পাঁচ হাজার থেকে ছয় হাজার রানে পৌঁছাতে আমলার লেগেছে ২২টি ইনিংস।
ওয়ানডেতে দ্রুততম ছয় হাজার রান করার পথে দ্রুততম ২ হাজার, ৩ হাজার, ৪ হাজার ও ৫ হাজার রানের রেকর্ড ভেঙেছিলেন আমলা। ২০০৮ সালের মার্চে চট্টগ্রামে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে অভিষেক হয় হয় তার।
ওয়ানডেতে দ্রুততম সাত হাজার রানের রেকর্ডটি দক্ষিণ আফ্রিকার ওয়ানডে অধিনায়ক এবি ডি ভিলিয়ার্সের। ১৬৬ ইনিংসে এই রান করে ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলির (১৭৪) রেকর্ড ভাঙেন তিনি।
