২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভুবনেশ্বরের ‘লজ্জার’ রেকর্ড

দক্ষিণ আফ্রিকার রান উৎসবের ম্যাচে রেকর্ড বুকে ঢুকে গেছেন ভুবনেশ্বর কুমার। বিনয় কুমারকে পেছনে ফেলে ওয়ানডেতে এক ইনিংসে সবচেয়ে বেশি রান দেওয়া ভারতীয় বোলার এখন এই পেসারই।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Oct 2015, 07:36 PM

Updated : 25 Apr 2022, 02:02 PM

রোববার মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ৪ উইকেটে ৪৩৮ রান করে দক্ষিণ আফ্রিকা। এই ম্যাচে ভারতের বোলিং আক্রমণ শুরু করা ভুবেনেশ্বর ১০ ওভারে ১০৬ রান দিয়ে পান এবি ডি ভিলিয়ার্সের উইকেট।

ভারতের হয়ে ওয়ানডেতে এক ইনিংসে প্রথমবারের মতো শত রান দেন বিনয়। ২০১৩ সালে ব্যাঙ্গালোরে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৯ ওভার বল করে ১০২ রান দেন তিনি। দেশের হয়ে এটাই এখন পর্যন্ত এই পেসারের শেষ ম্যাচ হয়ে আছে।

বিনয়ের চেয়েও বেশি রান দেওয়া ভুবনেশ্বর ওয়ানডেতে সবচেয়ে খরুচে বোলারদের তালিকার দুই নম্বরে আছেন এখন। সবার ওপরে আছেন অস্ট্রেলিয়ার পেসার মিক লুইস।

২০০৬ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১০ ওভার বল করে উইকেটশূন্য থাকা লুইস দেন ১১৩ রান। এই ম্যাচের পর আর কখনও অস্ট্রেলিয়ার হয়ে খেলা হয়নি তার।

ওয়ানডেতে একশর বেশি রান দেওয়ার ঘটনা ঘটেছে এ পর্যন্ত আটবার। ১৯৮৩ সালে নিউ জিল্যান্ডের মার্টিন স্নেডেন ইংল্যান্ডের বিপক্ষে একটি মেডেনসহ ১২ ওভার বল করে ১০৫ রান দেন। এরপর ২০০৬ সালে জোহানেসবার্গে ৪৩৪-৪৩৮ রানের সেই ম্যাচে একশ’ রান দেন লুইস।

২০০৯ সালে নিউ জিল্যান্ডের টিম সাউদি ক্রাইস্টচার্চে ভারতের বিপক্ষে ১০ ওভার বল করে ১০৫ রানে উইকেটশূন্য থাকেন। তিন বছর পর নিউ জিল্যান্ডের আরেক বোলার করেন রান দেওয়ার শতক।

জিম্বাবুয়ের বিপক্ষে নেপিয়ারে ৯ ওভার বল করে ১০৫ রান দেন ড্যানিয়েল ভেট্টরি। শত রান দেওয়া একমাত্র স্পিনার তিনি।

বোলারদের শতরান দেওয়ার বাকি দুটি ঘটনা ঘটেছে চলতি বছরই। বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের পেসার জেসন হোল্ডার দুটি মেডেনসহ ১০ ওভার বল করে ১০৪ রান দেন। অস্ট্রেলিয়ার বিপক্ষে আফগানিস্তানের দৌলত জাদরান একটি মেডেনসহ ১০ ওভার বল করে ১০১ রান দেন।

রোববার প্রথম ৬ ওভারে ৪৬ রান দেন ভুবনেশ্বর। এই পেসারের শেষ ৪ ওভার থেকে ৬০ রান সংগ্রহ করে অতিথিরা। এর মধ্যে শেষ ওভার থেকেই আসে ২০ রান।

কুইন্টন ডি কককে ১৭ বল করে ২০ রান দেন ভুবনেশ্বর। অন্য উদ্বোধনী ব্যাটসম্যান হাশিম আমলাকে ১ বল করে ১ রান দেন তিনি।

ফাফ দু প্লেসিকে ২২ বল করে ৩৩ রান দেন ভুবনেশ্বর। তার ওপরে চড়াও ছিলেন এবি ডি ভিলিয়ার্স ও ডেভিড মিলার। ডি ভিলিয়ার্স ১১ বলে চারটি ছক্কাসহ নেন ২৯ রান। মিলার ৫ বল খেলে নেন ১৪ রান। ফারহান বেহারদিনকে ৪ বল করে ৮ রান দেন ভুবনেশ্বর।

ওয়ানডেতে এক ইনিংসে শতরান দেওয়া বোলাররা :

নাম

ওভার

রান

দেশ

প্রতিপক্ষ

তারিখ

মিক লুইস

১০

০/১১৩

অস্ট্রেলিয়া

দক্ষিণ আফ্রিকা

১২ মার্চ ২০০৬

ভুবনেশ্বর কুমার

১০

১/১০৬

ভারত

দক্ষিণ আফ্রিকা

২৫ অক্টোবর ২০১৫

ড্যানিয়েল ভেট্টরি

৯

১/১০৫

নিউ জিল্যান্ড

জিম্বাবুয়ে

৯ ফেব্রুয়ারি ২০১২

টিম সাউদি

১০

০/১০৫

নিউ জিল্যান্ড

ভারত

৮ মার্চ ২০০৯

জেসন হোল্ডার

১০

১/১০৪

ওয়েস্ট ইন্ডিজ

দক্ষিণ আফ্রিকা

২৭ ফেব্রুয়ারি ২০১৫

মার্টিন স্নেডেন

১২

২/১০৫

নিউ জিল্যান্ড

ইংল্যান্ড

৯ জুন ১৯৮৩

আর বিনয় কুমার

৯

১/১০২

ভারত

অস্ট্রেলিয়া

২ নভেম্বর ২০১৩

দৌলত জাদরান

১০

২/১০১

আফগানিস্তান

অস্ট্রেলিয়া

২৫ অক্টোবর ২০১৫