২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামকে তিনশ’ পার হতে দেননি হাসান 

দ্রুত ৩ উইকেট হারিয়ে বিপদে পড়া চট্টগ্রাম বিভাগকে বড় সংগ্রহের পথ দেখাচ্ছিলেন তাসামুল হক ও ইয়াসির আলি। তবে সিলেট বিভাগের পেসার আবুল হাসানের ভালো বোলিংয়ে ৩০০ রানের আগেই থেমে যায় ইরফান শুক্কুরের দলের প্রথম ইনিংস। 

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Oct 2015, 06:39 PM

Updated : 25 Apr 2022, 02:02 PM

জাতীয় লিগের দ্বিতীয় স্তরের পঞ্চম রাউন্ডের লড়াইয়ে সিলেটের বিপক্ষে শনিবার প্রথম দিনে ২৭০ রানে অল আউট হয় চট্টগ্রাম। 
 
নিজেদের মাঠ জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ২৬ রান তুলতেই নাফিস ইকবাল ও নাজিমউদ্দিনকে হারায় চট্টগ্রাম। দুই ওপেনারকেই আউট করেন হাসান। 
 
তৃতীয় উইকেটে তাসামুলকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ার চেষ্টা করেন জাতীয় দলের টপ অর্ডার ব্যাটসম্যান মুমিনুল হক। কিন্তু ৫১ বলে ৩৬ রান করে মুমিনুলের বিদায়ে ভাঙে ৪০ রানের জুটি। 
 
তাসামুলের সঙ্গে ইয়াসিরের চতুর্থ উইকেট জুটির কল্যাণে এর পরও বড় সংগ্রহের স্বপ্ন দেখছিল চট্টগ্রাম। তবে হাসান সর্বোচ্চ ৭৪ রান করা তাসামুলকে ফেরালে তাদের সেই স্বপ্নও ফিকে হয়ে যায়।
 
আউট হওয়ার আগে ইয়াসিরের সঙ্গে ১০৯ রানের জুটি গড়েন তাসামুল। এবারের জাতীয় লিগে দুটি শতক পাওয়া এই ব্যাটসম্যান তার ১৪৩ বলের ইনিংসটি সাজান ৯টি চারে।
 
এর পর ইফতেখার সাজ্জাদকেও তুলে নিয়ে ইনিংসে ৩৪ রান দিয়ে ৪ উইকেট পান হাসান। 
 
এর আগেই অবশ্য চট্টগ্রামের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক ইয়াসিরকে আউট করেন রাহাতুল ফেরদৌস। ১১৮ বলে ৩টি চার ও ২টি ছয়ে ৫৫ রান করেন ইয়াসির। 
 
সিলেটের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ ৩ উইকেট নেন বাঁহাতি স্পিনার এনামুল হক জুনিয়র।
 
সংক্ষিপ্ত স্কোর:    
 
চট্টগ্রাম প্রথম ইনিংস: ৮৭.২ ওভারে ২৭০ (নাজিমউদ্দিন ৭, নাফিস ৯, মুমিনুল ৩৬, তাসামুল ৭৪, ইয়াসির ৫৫, শুক্কুর ১৪, সাইফুদ্দিন ১০, ডলার ৩৯, সাজ্জাদ ১৩, রানা ৫, নাবিল ০*; হাসান ৪/৩৪, এনামুল ৩/৭৫, অলক ১/২৯, রাহাতুল ১/৭৬)।