২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দিলশান রংপুর না চট্টগ্রামের?

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দুই ফ্র্যাঞ্চাইজির সঙ্গে তিলকারত্নে দিলশানের চুক্তির অভিযোগের ব্যাপারে তদন্ত করছে টুর্নামেন্টের গভর্নিং কাউন্সিল।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Oct 2015, 06:05 PM

Updated : 12 Oct 2022, 04:19 PM

পুরনো খবর:

বিপিএলে বিদেশীদের আগ্রহের শুরুতে জর্ডান-সোহেল!
দল পাননি জুবায়ের!
আজমল চট্টগ্রামে, কুমিল্লায় থিরিমান্নে-রাসেল
সৌম্যকে নিল রংপুর, মুস্তাফিজকে ঢাকা
বিপিএলে বিদেশি তারকার মেলা
রংপুরে সাকিব, কুমিল্লায় মাশরাফি, চট্টগ্রামে তামিম

স্থানীয় ক্রিকেটারদের দলে নিতে প্লেয়ার্স বাই চয়েসের বাইরে যাওয়ার সুযোগ ছিল না ফ্র্যাঞ্চাইজিগুলোর। কিন্তু বিদেশি খেলোয়াড় নেওয়ার ক্ষেত্রে ক্রিকেটারের সঙ্গে ফ্র্যাঞ্চাইজির সমঝোতার সুযোগ রাখে গভর্নিং কাউন্সিল।

সেই সুবিধা নিয়ে কুমার সাঙ্গাকারা, শহিদ আফ্রিদির মতো খেলোয়াড়দের দলে নেয় ফ্র্যাঞ্চাইজিরা। কিন্তু গোল বাধে দিলশানকে নিয়ে। তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে রংপুর রাইডার্স ও চট্টগ্রাম ভাইকিংসের সঙ্গে চুক্তি করার।

বৃহস্পতিবার ঢাকার একটি হোটেলে প্লেয়ার্স বাই চয়েস পদ্ধতিতে ফ্র্যাঞ্চাইজিগুলো দল গঠন করার পর সাংবাদিকদের গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক জানান, দিলশানের ব্যাপারে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

“আমরা ব্যাপারটি নিয়ে বোর্ড সভাপতির সঙ্গে বসেছিলাম। এই ব্যাপারে আমাদের তদন্ত চলছে।”

একই সঙ্গে দুই ফ্র্যাঞ্চাইজির সঙ্গে চুক্তি করলে দিলশানকে নিষিদ্ধ করা হবে কি না এই প্রশ্নের জবাবে বিসিবি পরিচালক মল্লিক কৌশলী অবস্থান নেন, “এখনও নিষিদ্ধ করা হবে না। আগে দেখতে হবে ঠিক কী হয়েছিল। যদি এমন হয়, চুক্তির পর যে দিন টাকা দেওয়ার কথা ছিল সেদিন ফ্র্যাঞ্চাইজি দেয়নি, তারপর সে (দিলশান) অন্য ফ্র্যাঞ্চাইজির সঙ্গে চুক্তি করেছে তাহলে ব্যাপারটি অন্যরকম হবে।”