বিপিএলে বিদেশি তারকার মেলা
লটারিতে খেলোয়াড় বেছে নেওয়ার প্রক্রিয়ার বাইরেও নিজেদের উদ্যোগে বেশ কজন বিদেশী ক্রিকেটারের সঙ্গে চুক্তি করেছে বিপিএল ফ্র্যাঞ্চাইজিগুলো। এই তালিকাতে আছেন টি-টোয়েন্টির তারকা কয়েকজন ক্রিকেটারও।
বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে বিপিএলের তৃতীয় আসরের জন্য দেশী-বিদেশী ক্রিকেটারদের বেছে নেয় ছয়টি দল। তবে এই প্রক্রিয়ার বাইরে দলগুলি আগেই বেশ কয়েকজন বিদেশী তারকা ক্রিকেটারকে চুক্তিবদ্ধ করে যাদের নাম অনুষ্ঠানে জানান বিপিএল গভর্নিং কাউন্সিল সদস্য সচিব ইসমাঈল হায়দার মল্লিক।
পাকিস্তানের দুই ভাই কামরান আকমল ও উমর আকমলকে দলে নিয়েছে চিটাগং ভাইকিংস। নিয়েছে তারা ম্যাচ পাতানোর শাস্তি কাটিয়ে ফেরা পেসার মোহাম্মদ আমির, জিম্বাবুয়ে অধিনায়ক এলটন চিগুম্বুরা, লঙ্কান ব্যাটসম্যান চামারা কাপুগেদারাকে।
ঢাকা ডায়নামাইটসের হয়ে কুমার সাঙ্গাকারার খেলার কথা জানানো হয়েছিল আগেই। সঙ্গে তারা যোগ করেছে তারা পাকিস্তানি ওপেনার নাসির জামশেদ, দীর্ঘদেহী ফাস্ট বোলার মোহাম্মদ ইরফান, হালের আলোচিত লেগ স্পিনার ইয়াসির শাহ ও টি-টোয়েন্টির পরীক্ষিত পারফরমার রায়ান টেন ডেসকাটকে।
সিলেট সুপার স্টার্স আগেই জানিয়েছিল শহীদ আফ্রিদির নাম। সঙ্গে ইংলিশ অলরাউন্ডার রবি বোপারা, অস্ট্রেলিয়ার অভিজ্ঞ ব্যাটসমান ব্র্যাড হজ ও লঙ্কান স্পিনার অজন্তা মেন্ডিসকে দলে ভিড়িয়েছে তারা।
ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি অধিনায়ক ড্যারেন স্যামি খেলবেন রংপুর রাইডার্সে। এখানেও সতীর্থ হিসেবে পাচ্ছেন তিনি ওয়েস্ট ইন্ডিজের লেন্ডল সিমন্সকে। আছেন লঙ্কান অলরাউন্ডার থিসারা পেরেরাও।
ক্রিকেট বিশ্ব জুড়ে টি-টোয়েন্টির সবচেয়ে বড় নাম ক্রিস গেইলকে দলে টানার কথা আগেই নিশ্চিত করেছিল বরিশাল বুলস। পরে নিশ্চিত করেছে তারা জিম্বাবুয়ে ছেড়ে ইংল্যান্ডে পাড়ি জমানো ব্রেন্ডন টেলর, ত্রিনিদাদের পেসার কেভন কুপার ও ওয়েস্ট ইন্ডিজের ওপেনিং ব্যাটসম্যান এভিন লুইসকে।
কুমিল্লা ভিক্টোরিয়ান্স আগে জানিয়েছিল শোয়েব মালিককে দলে টানার খবর। বিদেশীদের সংগ্রহ পরে আরও সমৃদ্ধ হয়েছে দলটির। নিয়েছে তারা টি-টোয়েন্টির অন্যতম ‘হট কেক’ সুনিল নারাইনকে। সঙ্গে আছেন ক্যারিবিয়ানেরই পেসার ক্রিশমার সান্টোকি, অলরাউন্ডার মারলন স্যামুয়েলস ও পাকিস্তানি ওপেনার আহমেদ শেহজাদ।
বিপিএলে এবার বিদেশী ক্রিকেটারদের জন্য বেধে দেওয়া মূল্য ‘এ; ক্যাটেগরিতে ৭০ হাজার ডলার, ‘বি’ ক্যাটেগরি ৫০ হাজার, ‘সি’ ক্যাটেগরি ৪০ হাজার ও ‘ডি’ ক্যাটেগরি ৩০ হাজার ডলার।
তবে নিজেদের উদ্যোগে দলে নেওয়া ক্রিকেটারদের অনেককেই বেশি মূল্যে আনছে দলগুলি। বিসিবি অবশ্য আগেই জানিয়ে দিয়েছে, বেধে দেওয়া অঙ্কের বাইরের অর্থের নিশ্চয়তা তারা দেবে না।
