ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষ দুমিনির
ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজের শেষ দুই ম্যাচে খেলতে পারবেন না দক্ষিণ আফ্রিকার জেপি দুমিনি। তার পরিবর্তে দলে ডাক পেয়েছেন টপ-অর্ডার ব্যাটসম্যান ডিন এলগার।
রাজকোটে ভারতের বিপক্ষে দলের ১৮ রানে জেতা ম্যাচে হাত কেটে যায় দুমিনির। বোলিং করার সময় ব্যাটসম্যানের নেওয়া একটি শট ফেরাতে গিয়েই চোট পান তিনি।
ম্যাচ শেষে দেখা যায়, যেমনটা ভাবা হয়েছিল চোট তার চেয়েও মারাত্মক।
সেরে উঠতে দুই থেকে তিন সপ্তাহ সময় লাগবে এই ব্যাটিং অলরাউন্ডারের। তবে এই সময় তাকে দলের সঙ্গে ভারতেই রাখা হবে। টেস্ট সিরিজের আগে দুমিনিকে সারিয়ে তোলার চেষ্টা করবে দক্ষিণ আফ্রিকা দল।
চার ম্যাচের টেস্ট সিরিজ শুরু হবে আগামী ৫ নভেম্বর মোহালিতে।
গান্ধী-ম্যান্ডেলা ট্রফির শেষ দুটি ওয়ানডে হবে আগামী বৃহস্পতিবার ও রোববার। পাঁচ ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে আছে দক্ষিণ আফ্রিকা।
