ভারত ছাড়ছেন আকরাম, শোয়েবও
নিরাপত্তা ঝুঁকির কারণে মুম্বাই যাচ্ছেন না পাকিস্তানের সাবেক দুই ক্রিকেটার ওয়াসিম আকরাম ও শোয়েব আখতার। চেন্নাইয়ে ভারত-দক্ষিণ আফ্রিকা চতুর্থ ওয়ানডের পরই ভারত ছাড়বেন স্টার স্পোর্টসের এই দুই ধারাভাষ্যকার।
পাকিস্তানের সাবেক অধিনায়ক আকরামের এজেন্ট আর্সালান হায়দার নিশ্চিত করেন, আকরাম ও শোয়েব আগামী বৃহস্পতিবার ভারত-দক্ষিণ আফ্রিকার চতুর্থ ওয়ানডেতে ধারাভাষ্য দেবেন। তবে মুম্বাইয়ে আগামী রোববার গান্ধী-ম্যান্ডেলা ট্রফির পঞ্চম ও শেষ ম্যাচে ধারাভাষ্য না দিয়ে ভারত ছাড়বেন তারা।
আকরাম আর শোয়েবের সময়ের আগে ভারত ছাড়ার খবরটি আসে সিরিজের শেষ দুই ওয়ানডে থেকে পাকিস্তানের আম্পায়ার আলিম দারকে সরিয়ে নেওয়ার আইসিসির সিদ্ধান্তের পর।
আগামী রোববার মুম্বাইয়ে শেষ ওয়ানডেতে পাকিস্তানের আম্পায়ার আলিম দারকে ম্যাচ পরিচালনা করতে দেওয়া হবে না বলে হুমকি দিয়েছিল স্থানীয় কট্টরপন্থী রাজনৈতিক দল শিব সেনা। এই হুমকির মুখে ভারত-দক্ষিণ আফ্রিকা ওয়ানডে সিরিজ থেকে দারকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেয় আইসিসি।
সিরিজের প্রথম তিন ওয়ানডেতে আম্পায়ার ছিলেন দার। শেষ দুটি ওয়ানডেতেও আম্পায়ার থাকার কথা ছিল টানা তিন বারের আইসিসির বর্ষসেরা এই আম্পায়ারের।
মুম্বাইয়ে ভারতের ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) কার্যালয়ের সামনে গত সোমবার শিব সেনার কর্মীরা বিক্ষোভ করে। বিসিসিআই সভাপতি শশাঙ্ক মনোহরের কাছে পাকিস্তানের সঙ্গে সব ধরনের ক্রিকেট সম্পর্ক ছেদ করার দাবি জানায় তারা। তাদের বিক্ষোভের মুখে দুই বোর্ড প্রধানের মধ্যে নির্ধারিত সভা হয়নি।
ভারত সফররত পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) চেয়ারম্যান শাহরিয়ার খান ও বিসিসিআই সভাপতি মনোহরের মধ্যে একটি বৈঠক হওয়ার কথা ছিল সোমবার। ধারণা করা হয়, দুই দেশের বোর্ড প্রধান ডিসেম্বরে ভারত-পাকিস্তানের মধ্যে সম্ভাব্য সিরিজ নিয়ে কথা বলতেন।
মনোহর সোমবার মুম্বাইয়ে বিসিসিআই কার্যালয়ে যাওয়ার পরপরই শিব সেনার কর্মীরা জোর করে ভবনে ঢুকে পাকিস্তান বিরোধী স্লোগান দেয়। পরে তারা মনোহরের কক্ষে ঢুকে তাকে ভারত ও পাকিস্তানের মধ্যে সম্ভাব্য সিরিজ বাতিল করতে বলে।
