২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শিব সেনার বিক্ষোভে মনোহর-শাহরিয়ার বৈঠক পণ্ড

মুম্বাইয়ে স্থানীয় কট্টরপন্থী রাজনৈতিক দল শিব সেনার বিক্ষোভের মুখে ভারত ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধানের মধ্যে বৈঠক স্থগিত হয়ে গেছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Oct 2015, 03:49 PM

Updated : 25 Apr 2022, 02:01 PM

ভারত সফররত পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) চেয়ারম্যান শাহরিয়ার খান ও ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি শশাঙ্ক মনোহরের মধ্যে আর বৈঠক হবে কিনা তা এখনও স্পষ্ট নয়। তবে আগামী মঙ্গলবার দিল্লিতে বিসিসিআই সেক্রেটারি অনুরাগ ঠাকুর আর আইপিএল চেয়ারম্যান রাজিব শুক্লার সঙ্গে পিসিবি চেয়ারম্যানের বৈঠক করার কথা রয়েছে। 
 
মনোহর সোমবার মুম্বাইয়ে বিসিসিআই কার্যালয়ে আসার পরপরই শিব সেনার ৫০ জনের বেশি কর্মী জোর করে ভবনে ঢুকে পাকিস্তানের সঙ্গে সব ধরনের ক্রিকেট সম্পর্ক ছেদের দাবি জানায়। তারা পাকিস্তান বিরোধী স্লোগান দেয় এবং মনোহরের কক্ষে ঢুকে তাকে ভারত ও পাকিস্তানের মধ্যে সম্ভাব্য সিরিজ বাতিল করতে বলে।  
 
শাহরিয়ার আর তার সঙ্গে থাকা পিসিবির প্রধান নির্বাহী নাজাম সেঠি আর হোটেল ছেড়ে বিসিসিআই কার্যালয়ে যাননি। দুই দেশের বোর্ড প্রধান ডিসেম্বরে ভারত-পাকিস্তানের মধ্যে সম্ভাব্য সিরিজ নিয়ে কথা বলতেন বলে ধারণা করা হচ্ছে। 
 
আগামী রোববার মুম্বাইয়ে ভারত-দক্ষিণ আফ্রিকা সিরিজের পঞ্চম ও শেষ ওয়ানডেতে পাকিস্তানের আম্পায়ার আলিম দারকে ম্যাচ পরিচালনা করতে দেওয়া হবে না বলেও হুমকি দেয় শিব সেনা।