২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

১০ ছক্কায় শামিমের ২২৬!

ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল (সিএবি) অনূর্ধ্ব-১৭ দলের বিপক্ষে দুর্দান্ত এক দ্বিশতক করেছেন বিসিবি অনূর্ধ্ব-১৭ দলের শামিম পাটোয়ারি। কক্সবাজারে দু দলের তিনদিনের ম্যাচটি হয়েছে ড্র।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Oct 2015, 06:19 PM

Updated : 22 Aug 2022, 01:33 PM

চার ম্যাচ সিরিজের তিনটি শেষে ১-০ তে এগিয়ে বিসিবি অনূর্ধ্ব-১৭ দল।

রোববার শেষ দিনটা শামিম পাটোয়ারি শুরু করেছিলেন ১৬১ রান নিয়ে। কাঙ্খিত মাইলফলক ছুঁতে সময় নেননি খুব বেশি। ত্রিব্রিত রায়ের বল বাউন্ডারিতে পাঠিয়ে দুইশ' ছুঁয়ে ফেলেন ২৬৩ বলে।

শেষ পর্যন্ত ত্রিব্রিতের বলেই আউট হয়েছেন ১৫ বছর বয়সী এই ব্যাটসমান। ২৮৬ বলে করেছেন ২২৬। ২১টি চারের সঙ্গে শামিম মেরেছেন ১০টি ছক্কা!

পাঁচে নামা শামিম ছাড়া বিসিবি অনূর্ধ্ব-১৭ দলের আর কেউ সুবিধা করতে পারেননি। নয় নম্বরে নামা ইসহাক আলির অপরাজিত ৩০ দলের দ্বিতীয় সর্বোচ্চ!

৪০৩ রানে শেষ হয় বিসিবি অনূর্ধ্ব-১৭ দলের প্রথম ইনিংস। সিএবি দলের দুই বাঁহাতি স্পিনার মিলেই ভাগাভাগি করেছেন ১০ উইকেট। ১২১ রানে ৬ উইকেট নিয়েছেন ত্রিব্রিত রায়, ১৩২ রানে ৪টি কৌশিক মাইতি।

দ্বিতীয় ইনিংসে সিএবি ৩ উইকেটে ১২১ রান করার পর শেষ হয় ম্যাচ। প্রথম ইনিংসে তারা গুটিয়ে গিয়েছিল ২৫৭ রানে।

দু দলের প্রথম তিনদিনের ম্যাচটিও ড্র হয়েছিল। দ্বিতীয় ম্যাচে বিসিবি জিতেছিল ইনিংস ও ৬৫ রানে।

চতুর্থ ও শেষ তিনদিনের ম্যাচ কক্সবাজারেই শুরু হবে মঙ্গলবার।