২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সোহাগ-সালমান-নাফীসে ঘুরে দাঁড়িয়েছে বরিশাল

প্রথম ইনিংসে লিড নিলেও স্বস্তিতে নেই সিলেট। ব্যাটিং-বোলিংয়ে ভালো করে জাতীয় ক্রিকেট লিগের চতুর্থ রাউন্ডের ম্যাচের দ্বিতীয় দিন ঘুরে দাঁড়িয়েছে বরিশাল।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Oct 2015, 05:42 PM

Updated : 22 Aug 2022, 01:33 PM

দ্বিতীয় দিনের খেলা শেষে বরিশালের সংগ্রহ ৩ উইকেটে ১৫১ রান। ১৩৪ রানে এগিয়ে রয়েছে দলটি। সালমান হোসেন ৭২ ও আল আমিন ২ রানে ব্যাট করছেন। ১৩১ বলে খেলা সালমানের ইনিংসটি গড়া ১০টি চারে।

১৭ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করা বরিশাল শুরুতেই হারায় শাহিন হোসেন ও অধিনায়ক ফজলে মাহমুদকে। দ্বিতীয় ওভারে দুই ব্যাটসম্যানকে ফেরান পেসার খালেদ আহমেদ।

তৃতীয় উইকেটে সালমানের সঙ্গে ১২৭ রানের জুটিতে প্রতিরোধ গড়েন শাহরিয়ার নাফীস। দিনের শেষ দিকে নাফীসকে ফিরিয়ে ৪০.২ ওভার স্থায়ী জুটি ভাঙেন খালেদ। ১২৫ বলে খেলা নাফীসের ৬৭ রানের ইনিংসটি ৭টি চারে সাজানো।

এর আগে রোববার বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে দ্বিতীয় স্তরের ম্যাচে ১ উইকেটে ৪৫ রান নিয়ে খেলা শুরু করে সিলেট। দিনের প্রথম বলেই জাকির হাসানের উইকেট হারায় তারা।

দ্বিতীয় দিন কোনো রান না করেই ফিরে যান আগের দিনের আরেক অপরাজিত ব্যাটসম্যান ইমতিয়াজ হোসেন। দুই অভিজ্ঞ ব্যাটসম্যান রাজিন সালেহ ও অলক কাপালীর দ্রুত বিদায় সিলেটের বিপদ বাড়ায় আরও।

৬০ রানে প্রথম পাঁচ ব্যাটসম্যানকে হারানো সিলেট লিড নেয় রুমান আহমেদের দৃঢ়তায়। রাহাতুল ফেরদৌসের সঙ্গে ৬১ রানের জুটিতে প্রতিরোধ গড়েন তিনি। গোলাম কবিরের বলে ফেরদৌস বোল্ড হলে ভাঙে ১৯.১ ওভার স্থায়ী ষষ্ঠ উইকেট জুটি।

দলকে লিড এনে দেওয়র পরই ফিরে যান রুমান (৬৯)। জোড়া আঘাতে তাকে ও নাসুম আহমেদকে ফিরিয়ে সিলেটের বড় লিডের স্বপ্ন অনেকটাই ভেঙে দেন সোহাগ গাজী।

এক প্রান্তে সাদিকুর রহমান অপরাজিত অবিচল ছিলেন। কিন্তু শেষ দুই ব্যাটসম্যান নাজমুল হোসেন ও খালেদের দ্রুত বিদায়ে ১৭ রানের চেয়ে বড় লিড পায়নি ১৭২ রানে অলআউট হওয়া সিলেট। 

বরিশালের অফ স্পিনার সোহাগ ও পেসার কবির তিনটি করে উইকেট নেন।

সংক্ষিপ্ত স্কোর:

বরিশাল প্রথম ইনিংস: ৫৫ ওভারে ১৫৫

সিলেট প্রথম ইনিংস: ৬৮.২ ওভারে ১৭২ (ইমতিয়াজ ২৫, সায়েম ১১, জাকির ৯, কাপালী ৪, রুমান ৬৯, ফেরদৌস ২০, সাদিকুর ১৯*, নাসুম ০, নাজমুল ৪, খালেদ ১; তৌহিদ ১৬-৫-৪০-১, কবির ১৭-৭-৪১-৩, সোহাগ ১৭.২-৬-২৪-৩, নুরুজ্জামান ২-০-৩-০, মনির ৫-১-১৬-০, সালমান ৭-২-২৯-১, আল আমিন ১-০-১-০, সালেহ ৩-০-১৭-১)

বরিশাল দ্বিতীয় ইনিংস: ৪৬ ওভারে ১৫১/৩ (নাফীস ৬৭, শাহিন ৪, মাহমুদ ০, সালমান ৭২*, আল আমিন ২*; নাজমুল ২-০-১৭-০, খালেদ ১১-১-৩৩-৩, সায়েম ২-০-১৩-০, সাদিকুর ৬-১-২৭-০, কাপালী ৯-৩-২১-১, নাসুম ৯-১-২৩-০, ফেরদৌস ৭-১-১২-০)