২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তামিম, তাসামুলের ব্যাটে চট্টগ্রামের লিড

ধীর কিন্তু দৃঢ় ব্যাটিংয়ে জাতীয় ক্রিকেট লিগের চতুর্থ রাউন্ডের ম্যাচে বড় সংগ্রহের পথে রয়েছে চট্টগ্রাম। তামিম ইকবাল ও তাসামুল হকের দুটি অর্ধশতকে রাজশাহীর বিপক্ষে দ্বিতীয় স্তরের এই ম্যাচে লিড নিয়েছে দলটি।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Oct 2015, 05:24 PM

Updated : 22 Aug 2022, 01:33 PM

দ্বিতীয় দিনের খেলা শেষে প্রথম ইনিংসে চট্টগ্রামের সংগ্রহ ৪ উইকেটে ২৩৮ রান। তাসামুল ৬৬ ও ইরফান শুক্কুর ৩৮ রানে ব্যাট করছেন। ৩৭.৪ ওভার অবিচ্ছিন্ন পঞ্চম উইকেটে ৮৭ রানের জুটি গড়েছেন এই দুই জন।

প্রথম ইনিংসে রাজশাহীকে ২০৮ রানে অলআউট করা চট্টগ্রাম এগিয়ে রয়েছে ৩০ রানে।

এর আগে রোববার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বিনা উইকেটে ৪৩ রান নিয়ে খেলা শুরু করে স্বাগতিক দল। প্রথম ঘণ্টার শেষ দিকে তামিমের বিদায়ে ভাঙে তার সঙ্গে নাফিস ইকবালের ২৬.১ ওভার স্থায়ী ৭৯ রানের উদ্বোধনী জুটি।

সানজামুল ইসলামের বলে এলবিডব্লিউর ফাঁদে পড়ার আগে ৬২ রান করেন তামিম।

ভালো ভিতের সুবিধা কাজে লাগাতে পারেননি মুমিনুল হক। জাতীয় দলের এই বাঁহাতি ব্যাটসম্যান ফিরে যান ৮ রান করে। তিনিও বাঁহাতি স্পিনার সানজামুলের বলে এলবিডব্লিউর ফাঁদে পড়েন।

উইকেটে থিতু হয়ে ফিরে যান নাফিস। সানজামুলের বলে মুশফিকুর রহিমকে ক্যাচ দিয়ে শেষ হয় ১২১ বলে খেলা তার ৪৩ রানের ইনিংসটি। তরুণ ইয়াসির আলী দ্রুত তাকে অনুসরণ করলে কিছুটা চাপে পড়ে চট্টগ্রাম।

দ্রুত তিন উইকেট হারানোর ধাক্কা সামলে তাসামুল ও অধিনায়ক ইরফান দলকে বড় লিডের দিকেই এগিয়ে নিচ্ছেন।

দ্বিতীয় দিন ৫৯ রান দিয়ে চট্টগ্রামের চারটি উইকেটই নেন সানজামুল। এদিন ৯০ ওভার ব্যাট করে ১৯৫ রান যোগ করে স্বাগতিকরা।

সক্ষিপ্ত স্কোর:

রাজশাহী: ৭২ ওভারে ২০৮।

চট্টগ্রাম: ১০৪ ওভারে ২৩৮/০ (তামিম ৬২, নাফিস ৪৩, মুমিনুল ৮, তাসামুল ৬৬*, ইয়াসির ১১, ইরফান ৩৮*; শাফাক ১২-২-৩২-০, ফরহাদ রেজা ১৪-৩-৩৪-০, মুক্তার ১৯-৭-৩৮-০, ফরহাদ হোসেন ৮-০-৪৩-০, সানজামুল ৩৫-৯-৫৯-৪, নিহাদ ১০-৪-১১-০, নাজমুল ৬-১-১৩-০)।