২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আবারও সঞ্জিতের স্পিন-ঝলক

আগের ম্যাচেই সঞ্জিত সাহা নিয়েছিলেন ১১ উইকেট। রংপুরের তরুণ অফ স্পিনার এবার ঢাকা মেট্রোর বিপক্ষে প্রথম দিনে নিয়েছেন ৩ উইকেট।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Oct 2015, 05:42 PM

Updated : 26 Jul 2022, 12:06 PM

খুলনায় জাতীয় লিগের চতুর্থ রাউন্ডে প্রথম স্তরের ম্যাচের প্রথম দিনটিতে ঢাকা মেট্রো করেছে মন্থর ক্রিকেট। রংপুরের বিপক্ষে সারা দিনে ৯২ ওভার ব্যাটিং করে তুলেছে ৭ উইকেটে ২১১ রান।

আগের ম্যাচে এই শেখ আবু নাসের স্টেডিয়ামেই ১১ উইকেট নিয়েও দলকে জয় এনে দিতে পারেননি সঞ্জিত। এবারও প্রথম দিনেই এগিয়ে রাখলেন দলকে। বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের এই তরুণ অফ স্পিনার নিয়েছেন ঢাকা মেট্রোর তিন অভিজ্ঞ মিডল অর্ডার মাহমুদউল্লাহ, মার্শাল আইয়ুব ও মেহরাব হোসেনের উইকেট। সারাদিনে ২৯ ওভার বোলিং করে রান দিয়েছেন মাত্র ৪৩।

তিনটি উইকেট নিয়েছেন রংপুরের লেগ স্পিনার তানভীর হায়দারও। যার মধ্যে দুটি ছিল ঢাকা মেট্রোর হয়ে অর্ধশতক করা দুই ব্যাটসম্যান শামসুর রহমান ও আসিফ আহমেদের।

আউট হওয়ার আগে এই দুজন দ্বিতীয় উইকেটে গড়েন ৭৪ রানের পুঁজি। টস জিতে ব্যাটিংয়ে নামা মেট্রোর ইনিংস তখন পেয়ে গেছে বেশ শক্ত ভিত, দলের রান ১ উইকেটে ১১৫। কিন্তু সঞ্জিত-তানভীরের জোড়া স্পিন আক্রমণে এলোমেলো হয়ে যায় মেট্রোর ইনিংস।

শামসুরকে ফিরিয়ে তানভীর এই জুটি ভাঙার পর শক্তিশালী মিডল অর্ডার নিয়েও মেট্রো গড়ে তুলতে পারেনি আর কোনো উল্লেখযোগ্য জুটি। ৮৪ রানের মধ্যে হারায় ৬ উইকেট। তিন ঘণ্টার বেশি এক প্রান্ত আগলে রাখা আসিফও পা দেন স্পিন ফাঁদে।

শেষ বিকেলে আরাফাত সানিকে নিয়ে কোনো রকমে দিনটি পার করে দেন উইকেটকিপার জাবিদ হোসেন (৬০ বলে ৮*)।

সংক্ষিপ্ত স্কোর:

ঢাকা মেট্রো ১ম ইনিংস: ৯২ ওভারে ২১১/৭ (শামসুর ৫১, মেহেদি ২২, আসিফ ৫৬, মাহমুদউল্লাহ ১, মার্শাল ১৮, মেহরাব ২০, শরিফুল্লাহ ৯, জাবিদ ৮*, সানি ৯*; সাজেদুল ৮-৩-২১-২, সাদ্দাম ৭-৩-১৫-০, আরিফুল ৪-২-১৩-০, শুভ ৭-২-২৯-০, সঞ্জিত ২৯-১১-৪৩-৩, তানভীর ৩১-৫-৭৩-৩, নাসির ৬-৪-৪-০)।