২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মালিক ২৪৫, রান পাহাড়ে পাকিস্তান

অসাধারণ এক দ্বিশতকে টেস্ট দলে ফেরাকে স্মরণীয় করে রাখলেন শোয়েব মালিক। আবু ধাবি টেস্টের দ্বিতীয় দিনে শতক করেছেন আসাদ শফিকও।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Oct 2015, 07:59 PM

Updated : 12 Oct 2022, 04:17 PM

৮ উইকেটে ৫২৩ রানে প্রথম ইনিংস ঘোষণা করেছে পাকিস্তান। ইংল্যান্ড দ্বিতীয় দিন শেষ করেছে বিনা উইকেটে ৫৬ রান নিয়ে।

৫ বছর পর টেস্ট দলে ফিরে প্রথম দিনেই দারুণ এক শতক করেছিলেন শোয়েব মালিক। তবে তৃপ্ত হননি তাতেই। টেস্ট ক্যারিয়ারের তৃতীয় শতককে দ্বিতীয় দিনে রূপ দিয়েছেন প্রথম দ্বিশতকে।

থামেননি সেখানেও। ইনিংসকে এগিয়ে নেন আরও কিছুদূর। প্রথম দিন তৃতীয় ওভারেই উইকেটে গিয়েছিলেন; দ্বিতীয় দিন চা-বিরতির পরপর যখন আউট হলেন, মালিকের নামের পাশে ২৪৫ রান!

প্রচণ্ড গরমে প্রায় দুইদিন ব্যাট করে মালিক আউট হলেন ক্লান্ত এক শটে। বেন স্টোকসকে তুলে মারতে গিয়ে ধরা পড়লেন শর্ট মিড উইকেটে ইয়ান বেলের হাতে।

৪২০ বলে ২৪ চার ও ৪ ছক্কায় ২৪৫ রান। প্রথম শ্রেণির ক্রিকেটেই এর আগে মালিক দুইশ’ ছুঁতে পেরেছিলেন মাত্র একবার। সেবার থেমেছিলেন ২০০ রানেই।

এবার আড়াইশ’র হাতছানি থাকলেও শেষ পর্যন্ত পারেননি। তবে ২৪৫ রানের ইনিংসই ইংল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের তৃতীয় সর্বোচ্চ। ১৯৭১ সালে এজবাস্টনে ২৭৮ করেছিলেন জহির আব্বাস; ১৯৮৭ সালে ওভালে জাভেদ মিয়াঁদাদ করেছিলে ২৬০।

আগের দিনের অপরাজিত জুটিকে বুধবার চা-বিরতি পর্যন্ত টেনে নিয়ে যান মালিক ও আসাদ শফিক। ৩৬৯ বলে দ্বিশতক ছুঁঢেছেন মালিক। দুই বল পর আদিল রশিদকে সুইপ করে চার মেরে শতক ছুঁয়েছেন শফিক। ৩৯ টেস্টে এটি তার অষ্টম শতক।

সবকটিই শতকই করলেন তিনি ৬ নম্বরে ব্যাট করে। ছুঁলেন স্যার গ্যারি সোবার্সের রেকর্ড। ৬ নম্বরে রেকর্ড ৮টি শতক এতদিন ছিল শুধুই সোবার্সের।

ইংলিশ বোলারদের চোখের পানি, নাকের পানি এক করে অপরাজিত থেকেই চা-বিরতিতে যান মালিক ও শফিক। বিরতির পর প্রথম ওভারেই শফিককে ফিরিয়ে মার্ক উড ভেঙেছেন ২৪৮ রানের জুটি।

তবে জুটির রেকর্ড হয়ে গেছে অনেক আগেই। ইংল্যান্ডের বিপক্ষে ৫ম উইকেটে পাকিস্তানের সেরা জুটি ছিল সেই ১৯৬২ সালে লর্ডসে জাভেদ বার্কি ও নাসিম-উল-গনির ১৯৭।

এই দুজন আউট হওয়ার পর সরফরাজ আহমেদ ও জুলফিকার বাবরকেও দ্রুত ফিরিয়ে দেন স্টোকস। ৫২৩ রানে ইনিংস ঘোষণা করে পাকিস্তান।

৫৭ রানে ৪ উইকেট নিয়ে ইংল্যান্ডের সেরা বোলার স্টোকস, ৪২ রানে দুটি নিয়েছেন অ্যান্ডারসন। স্টুয়ার্ট ব্রড ও উড একটি করে।

আদিল রশিদের স্বপ্নের টেস্ট ক্যাপ পাওয়া দু:স্বপ্নে পরিণত করেছেন পাকিস্তানের ব্যাটসম্যানরা। ৩৪ ওভার বোলিং করে কোনো মেডেন পাননি এই লেগ স্পিনার, ১৬৩ রান দিয়ে নেই উইকেট। টেস্ট ইতিহাসের একটি সবচেয়ে বাজে অভিষেক। এর আগে অভিষেকে ২০০৯ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১৪৯ রান দিয়ে উইকেটশূন্য ছিলেন আরেক লেগ স্পিনার, অস্ট্রেলিয়ার ব্রাইস ম্যাকগেইন।

দিনটা তবু ইংল্যান্ডের শেষ হয়েছে খানিকটা স্বস্তিতে। প্রায় দুদিন মাঠে ছুটোছুটির ক্লান্তি-শ্রান্তির প্রভাব ব্যাটিংয়ে পড়তে দেননি দুই ইংলিশ ওপেনার। মঈন আলির (১৫*) সঙ্গে অ্যালিস্টার কুকের (৩৯*) নতুন উদ্বোধনী জুটির উদ্বোধন হয়েছে অবিচ্ছিন্ন অর্ধশতক জুটিতে।