জিম্বাবুয়েতে সিরিজ জিততে চায় বাংলাদেশ ‘এ’
জিম্বাবুয়ে সফরে দুই সংস্করণেই সিরিজ জিততে চায় বাংলাদেশ ‘এ’ দল। এর আগে দক্ষিণ আফ্রিকায় প্রস্তুতি সিরিজটাও কাজে লাগাতে চান শুভাগতরা।
৫ সপ্তাহের সফরে দেশ ছাড়ার আগে বুধবার বিকেলে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছিলেন বাংলাদেশ ‘এ’ দলের অধিনায়ক শুভাগত হোম ও ম্যানেজার হাবিবুল বাশার।
শুভাগত জানালেন, এই সফরে দলের লক্ষ্য দুটি সিরিজই জয়।
“অবশ্যই চাইব সিরিজ জিততে। দক্ষিণ আফ্রিকায় প্রথমে ওয়াম আর্প সিরিজ। মূল হচ্ছে জিম্বাবুয়ে ‘এ’ দলের বিপক্ষে খেলা। এক দিনের ও চার দিনের, দুটি সিরিজই জিততে চাই।”
‘এ’ দলের ম্যাচে অবশ্য দলীয় লক্ষ্যকে ছাপিয়ে যায় ব্যক্তিগত লক্ষ্য। কেউ আন্তর্জাতিক ম্যাচের জন্য নিজেকে ঝালিয়ে নিতে চান, কেউ জাতীয় দলে ঢোকার পথ করতে চান। কেউ নিজের দাবি জানাতে চান, কেউ বা চেনাতে চান নিজেকে।
“এইসব ম্যাচে অবশ্যই সবাই প্রথমে নিজের কথা চিন্তা করে। ভালো করতে পারলে জাতীয় দলে ঢোকার সুযোগ থাকে। আর সবাই ব্যক্তিগতভাবে ভালো করলে সেটা দলের জন্যই ভালো! দলও তাহলে জিতবে।”
জিম্বাবুয়েতে স্বাগতিকদের ‘এ’ দলের সঙ্গে দুটি চার দিনের ও তিনটি এক দিনের ম্যাচ খেলবে বাংলাদেশ ‘এ’। এর আগে প্রস্তুতি সফর দক্ষিণ আফ্রিকায়। সেখানে প্রিটোরিয়ার আইরিন ভিলেজার্স ক্লাবের সঙ্গে খেলবে দুটি এক দিনের ও একটি তিন দিনের ম্যাচ। পরে গটেং স্ট্রাইকার্সের সঙ্গে খেলবে একটি এক দিনের ম্যাচ। সবকটি ম্যাচই হবে আইরিন ভিলেজার্স ক্লাবের মাঠে।
তবে সফরে ‘এ’ দলের ম্যানেজার ও জাতীয় নির্বাচক হাবিবুল বাশারের দাবি, ম্যাচগুলিও কাজে দেবে অনেক।
“ভিলেজ ক্লাব হলেও ওদের দলে বেশ কজন প্রথম শ্রেণির ক্রিকেটার থাকবে। ওদের মাঠও প্রথম শ্রেণির ক্রিকেটের ভেন্যু। আর দক্ষিণ আফ্রিকায় এই মানের ক্লাবও খারাপ না। ওরা দেখবেন আমাদের বেশ শক্ত পরীক্ষা নেবে। আর দক্ষিণ আফ্রিকার কন্ডিশনে খেলতে পারার অভিজ্ঞতাটাই আসল। আমাদের তাই লাভই হবে।”
