২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নেতৃত্ব পেয়ে অবাক শুভাগত

আফ্রিকা সফরের বাংলাদেশ ‘এ’ দলের নেতৃত্ব পেয়ে শুভাগত হোম নিজেই বিস্মিত। তবে এই সফরে ভালো পারফর্ম করে জাতীয় দলে ফেরার ব্যাপারে আশাবাদী এই অলরাউন্ডার।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Oct 2015, 07:18 PM

Updated : 25 Apr 2022, 01:59 PM

প্রায় ৫ সপ্তাহের সফরে বুধবার রাতে দক্ষিণ আফ্রিকার উদ্দেশে ঢাকা ছাড়ছে বাংলাদেশ ‘এ’ দল। বিকেলে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে দলের অধিনায়ক শুভাগত মুখোমুখি হয়েছিলেন সংবাদমাধ্যমের।

এবারের আগে জাতীয় পর্যায়ের কোনো দলকেই নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞ নেই শুভাগতর। অধিনায়ক মনোনীত হওয়ায় তাই চমকে গেছেন নিজেই।

“নেতৃত্ব পাওয়াটা মোটামুটি বিস্ময়করই। আশা করিনি এমন কিছু। তবে যেহেতু পেয়েছি দায়িত্ব, চেষ্টা করব সঠিক ভাবে দায়িত্ব পালন করতে। ভালো কিছু করতে।”

‘এ’ দলের সিরিজে দলীয় লক্ষ্যের চেয়ে ব্যক্তিগত পারফরম্যান্সের গুরুত্বই বেশি থাকে প্রায় সবার কাছে। থাকে নিজেকে প্রমাণের চেষ্টা। শুভাগত অধিনায়ক হিসেবে যাচ্ছেন বটে, তবে ব্যক্তিগত লক্ষ্য আছে তারও।

“এই ম্যাচগুলি তো জাতীয় দলে ঢোকার জন্য ভালো প্ল্যাটফর্ম। ভালো পারফর্ম করলে অবশ্যই জাতীয় দলে ফিরতে পারব।”

জাতীয় দল থেকে বাদ পড়ার আগে শুভাগত ছিলেন দেশের ক্রিকেটের আলোচিত এক চরিত্র। দলে তার জায়গা ও ভূমিকা, দুটিই ছিল প্রশ্নবিদ্ধ। ৭টি টেস্ট খেলেও ব্যাটে-বলে মেলে ধরতে পারেননি নিজেকে। নির্বাচকরা ও টিম ম্যানেজমেন্ট কখনও তাকে বলেছেন অফ স্পিনার, কখনও ব্যাটসম্যান, কখনও ব্যাটিং বা বোলিং অলরাউন্ডার।

শুভাগতর নিজের অবশ্য আত্মপরিচয় নিয়ে সংশয় নেই।

“আমি নিজেকে এখনও ব্যাটিং অলরাউন্ডার ভাবি। শুরুটা করেছিলাম তো ব্যাটসম্যান হিসেবেই। গত কয়েক বছর হলো বোলিং শুরু করেছি। এখন বোলিংয়েও একটা দায়িত্ব আছে। চেষ্টা করব দুটিতেই ভালো করতে।”

জাতীয় দল থেকে বাদ পড়ার পর অবশ্য শুভাগত পারফর্ম করেছেন ‘এ’ দলে। হতাশার ভারত সফরে দুটি তিন দিনের ম্যাচে করেছিলেন তিনটি অর্ধশতক, উইকেট নিয়েছিলেন ৫টি। পরে জাতীয় লিগে নিয়েছেন ৬ উইকেট, খেলেছেন ম্যাচ জেতানো ইনিংস।

শুভাগর বিশ্বাস, দল থেকে বাদ পড়ার পর এই ক’দিনে উন্নতি হয়েছে তার খেলায়।

“কিছুটা উন্নতি হয়েছে মানসিক ও শারীরিকভাবে। স্কিলও ভালো হয়েছে। ব্যাটিংয়ে এখন তাড়াহুড়ো করি না। চিন্তা করি ইনিংস লম্বা করতে। বোলিংয়ে চেষ্টা করি উইকেট নিতে। আশা করি, এই সফরে ভালো করব।”

জিম্বাবুয়েতে স্বাগতিকদের ‘এ’ দলের বিপক্ষে দুটি চার দিনের ও তিনটি এক দিনের ম্যাচ খেলবে বাংলাদেশ ‘এ’ দল। এর আগে দক্ষিণ আফ্রিকায় প্রস্তুতি সফরে খেলবে একটি তিন দিনের ও তিনটি এক দিনের ম্যাচ।