সালমাদের ভাবনায় কেবল ভালো খেলা
পাকিস্তান সফরে নিরাপত্তা ঝুঁকি নিয়ে কোনো চাপ অনুভব করছেন না সালমা খাতুন। বাংলাদেশ মহিলা ক্রিকেট দলের অধিনায়ক জানিয়েছেন, স্বেচ্ছায় সফরে যাচ্ছেন তারা। নিরাপত্তা নয়, ভালো খেলা নিয়েই ভাবছে তার দল।
দুটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে আগামী সোমবার পাকিস্তান সফরে যাবেন সালমারা। তার আগের দিন সংবাদ সম্মেলনে সফর নিয়ে কথা বলেন এই অলরাউন্ডার।
“পাকিস্তান সফরে আমাদের উপর কোনো চাপ নেই। আমরা আমাদের ইচ্ছেতেই যাচ্ছি। আমাদের জন্য পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। আমরা যাচ্ছি খেলতে। সেখানে কী হচ্ছে বা না হচ্ছে সে সব নিয়ে আমাদের কোনো ভাবনা নেই।”
“আমরা যে কোনো দেশেই হোক সফর চেয়েছিলাম। কারণ, অনেক দিন ধরেই আমরা আন্তর্জাতিক ক্রিকেট খেলিনি। আমাদের মধ্যে কোনো ভয় কাজ করছে না। কারণ, যেখানে খেলা হবে, সেখানে কোনো ধরনের সমস্যা নেই বলেই জানি”, যোগ করেন সালমা।
সালমা জানান, দুই মাস ধরে অনুশীলনের মধ্যে ছিলেন তারা। তাই সিরিজের প্রস্তুতিটা হয়েছে দারুণ। সব মিলিয়ে ভালো খেলতে প্রস্তুত তারা।
“আমরা ক্রিকেট খেলতে যাচ্ছি। মাঠে আমরা ভালো খেলা নিয়েই ভাবব। প্রতিপক্ষকে কিভাবে হারাব, তা নিয়েই চিন্তা করব।”
পাকিস্তানের পর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলবে বাংলাদেশ। এর পর রয়েছে বিশ্বকাপের বাছাই পর্ব। তাই পাকিস্তান সফরকে খুব গুরুত্বের সঙ্গে নিচ্ছেন অধিনায়ক।
“পাকিস্তান অনেক শক্তিশালী দল। তাদের সাথে আমরা খুব ‘ক্লোজ’ কিছু ম্যাচ খেলেছি। আশা করছি, এবার ভালো খেলব।”
পাকিস্তান সফর নিয়ে উদ্বেগ নেই কোচ চাম্পিকা গামাগেরও। তার ভাবনাতেও রয়েছে মাঠের খেলা।
“আমরা পাকিস্তানে যে নিরাপত্তা পাবো, সে ধরনের নিরাপত্তা কোনো দলকে দেয়া হয়নি”, যোগ করেন গামাগে।
পাকিস্তান সফরের প্রস্তুতিতে খুশি দলের কোচ, “আমরা দীর্ঘদিন ধরে প্রস্তুতি নিয়েছি। প্রথম মাসে আমরা ফিটনেস নিয়ে কাজ করেছি। শেষ অংশে স্কিল নিয়ে কাজ করেছি। আশা করি, ভালো কিছু করতে পারব। সামনে দক্ষিণ আফ্রিকার সাথে সিরিজ আছে, বিশ্বকাপ বাছাই পর্ব আছে। এই সিরিজে ভালো করতে পারলে তা সামনের খেলাগুলোর জন্য আত্মবিশ্বাস যোগাবে।”
পাকিস্তান সফরে মহিলা ক্রিকেট দল ম্যানেজার হিসেবে পেয়েছে সাবেক অধিনায়ক শফিকুল ইসলাম হীরাকে।
তিনি জানান, দুটি টি-টোয়েন্টি ম্যাচ হবে আগামী বুধবার ও বৃহস্পতিবার। ৪ ও ৬ অক্টোবর হবে দুটি ওয়ানডে।
“আমাদেরকে বলা হয়েছে ভিভিআইপি নিরাপত্তা দেয়া হবে। আমরা সেটাই আশা করছি। রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রীরা যে ধরনের নিরাপত্তা পান, আমরা সে ধরনের নিরাপত্তাই পাব।”
