২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাজা-হোপ-জ্যাম্পার সঙ্গে বাবরের লড়াই

আইসিসির বর্ষসেরা ওয়ানডে খেলোয়াড়ের সংক্ষিপ্ত তালিকায় আছেন এই চার ক্রিকেটার।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2022, 08:52 PM

Updated : 29 Dec 2022, 08:54 PM

ব্যাট হাতে দুর্দান্ত একটা বছর কাটানো বাবর আজম জায়গা পেয়েছেন আইসিসির বর্ষসেরা ওয়ানডে খেলোয়াড়ের সংক্ষিপ্ত তালিকায়। সেখানে পাকিস্তান অধিনায়কের লড়াই অস্ট্রেলিয়ার লেগ স্পিনার অ্যাডাম জ্যাম্পা, জিম্বাবুয়ের অলরাউন্ডার সিকান্দার রাজা ও ক্যারিবিয়ান ব্যাটসম্যান শেই হোপের সঙ্গে। 

জানুয়ারির শুরুর দিকে আইসিসি ভোটিং একাডেমি ও বিশ্বব্যাপী ক্রিকেট ভক্তরা ভোট দিতে পারবেন। মাসের শেষ দিকে অন্য ১২ ক্যাটাগরির সঙ্গে বর্ষসেরা পুরুষ ওয়ানডে ক্রিকেটারের পুরস্কার দেবে বিশ্ব ক্রিকেটের নিয়ন্তা সংস্থা।    

বাবর আজম, পাকিস্তান

৯ ম্যাচে ৬৭৯ রান

গত বছর বর্ষসেরা ওয়ানডে খেলোয়াড়ের পুরস্কার জয়ী বাবরের সামনে এর পুনরাবৃত্তির সুযোগ। ৫০ ওভারের ক্রিকেটে আরেকটি আলো ঝলমলে বছর কেটেছে বাবরের। গত বছরের জুলাই থেকে তিনি ওয়ানডে ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ে রাজত্ব করছেন।

টি-টোয়েন্টি বিশ্বকাপের বছরে ওয়ানডেতে কেবল ৯ ইনিংসে ব্যাটিংয়ের সুযোগ হয় বাবরের। সুযোগ কম থাকলেও সেগুলো দারুণভাবে কাজে লাগান র‌্যাঙ্কিংয়ের সেরা ব্যাটসম্যান। আট ইনিংসেই খেলেন পঞ্চাশ ছোঁয়া ইনিংস, যার তিনটিতে করেন সেঞ্চুরি। ৮৪.৮৭ গড়ে করেন ৬৭৯ রান।

বাবরের জন্য স্মরণীয় এক বছর ২০২২, দল জিতেছে তিন সিরিজের সবকটি। নিজের ব্যাটে ছিল রানের ফোয়ারা। ৯ ম্যাচে হার কেবল একটি, অস্ট্রেলিয়ার বিপক্ষে।

স্মরণীয় পারফরম্যান্স

চমৎকার কিছু ইনিংস এই সময়ে উপহার দিয়েছেন বাবর। তবে সব কিছু বিবেচনায় লাহোরে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১১৪ রানের ইনিংসটিই হয়তো সবচেয়ে স্মরণীয় হয়ে থাকবে।

সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে ছিল পাকিস্তান। সিরিজ বাঁচিয়ে রাখতে জয়ের বিকল্প ছিল না। এর মধ্যে অস্ট্রেলিয়া দেয় ৩৪৯ রানের বড় লক্ষ্য। পরিস্থিতির দাবি ছিল, বাবরের ত্রাতার ভূমিকায় এগিয়ে আসার। সেটা কি দুর্দান্তভাবেই না মেটান এই ডানহাতি ব্যাটসম্যান।

১১৮ রানের উদ্বোধনী জুটিতে ভিত গড়ে দেন ফখর জামান ও ইমাম-উল-হক। এরপর মাস্টারক্লাস এক ইনিংসে ব্যবধান গড়ে দেন বাবর। তিনি যখন ক্রিজে যান তখন পাকিস্তানের প্রয়োজন ১৮৭ বলে ২৩১ রান। দারুণ সব শটের পসরা সাজিয়ে প্রস্তুত করে দেন মঞ্চ।

৭৩ বলে সেঞ্চুরি স্পর্শ করেন বাবর, ওয়ানডেতে যা তার দ্রুততম। ৪৪তম ওভারে অধিনায়কের বিদায়ের পর বাকিটা সারেন পরের ব্যাটসম্যানরা। পাকিস্তান গড়ে ওয়ানডেতে নিজেদের সবচেয়ে বড় রান তাড়ার রেকর্ড।

অ্যাডাম জ্যাম্পা

১২ ম্যাচে ৩০ উইকেট  

অস্ট্রেলিয়ার সাদা বলের ক্রিকেটে কেন তিনি খুব গুরুত্বপূর্ণ, সেটা ২০২২ সালে আবারও দেখিয়েছেন জ্যাম্পা। ওয়ানডেতে চলতি বছর দেশের হয়ে সবচেয়ে বেশি উইকেট এই লেগ স্পিনারের।

১২ ম্যাচে তিনি নেন ৩০ উইকেট। এই সংস্করণে এক বছরে যা যৌথভাবে তার সর্বোচ্চ। ২০১৬ সালে, অভিষেকের বছরেও নিয়েছিলেন ৩০ উইকেট। এবারের অর্জন আরও বড়। কারণ, ৯ ম্যাচ তিনি খেলেন দেশের মাটিতে, যেখানে কন্ডিশন স্পিনারদের জন্য ততটা সহায়ক নয়।

৩০ বছর বয়সী স্পিনার বছর শুরু করেন চার উইকেট নিয়ে। পরেও ধরে রাখেন ধারাবাহিকতা।

স্মরণীয় পারফরম্যান্স

তাসমান সাগর পাড়ের দুই দেশের লড়াইয়ে দেখা যায় জ্যাম্পার সেরাটা। তিন ম্যাচের সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে নিউ জিল্যান্ডের বিপক্ষে কেবল ১৯৬ রানের পুঁজি নিয়েও শতরানে জেতে অস্ট্রেলিয়া! পাঁচ উইকেট নিয়ে প্রতিবেশীদের স্রেফ ৮২ রানে গুটিয়ে দেন জ্যাম্পা।

ভাগ্যও হয়তো তার পাশে ছিল সেদিন। ফুলটস বলে লাইন মিস করে এলবিডব্লিউ হয়ে যান কেন উইলিয়ামসন। পরের ওভারে এলবিডব্লিউর ফাঁদে পড়েন ড্যারিল মিচেল। ৩৮ রানে ৫ উইকেট হারিয়ে ভীষণ বিপদে পড়ে নিউ জিল্যান্ড।

লেজের ব্যাটসম্যানদের প্রতিরোধ গড়তে দেননি জ্যাম্পা। ক্যারিয়ার সেরা বোলিংয়ে ৩৫ রানে তিনি নেন ৫ উইকেট। ওয়ানডেতে সেদিনই পাঁচ উইকেটের স্বাদ পান প্রথমবার।

সেই ম্যাচে ব্যাট হাতেও ছোট কিন্তু গুরুত্বপূর্ণ অবদান রাখেন জ্যাম্পা। করেন ১৬ রান, নবম উইকেটে মিচেল স্টার্কের সঙ্গে উপহার দেন ৩১ রানের জুটি। যেটা দলকে নিয়ে যায় দুইশ রানের কাছে।

সিকান্দার রাজা, জিম্বাবুয়ে

১৫ ম্যাচে ৬৪৫ রান ও ৮ উইকেট 

আন্তর্জাতিক ক্রিকেট জিম্বাবুয়ের ফিরে আসার ধ্বনি শোনা গেছে ২০২২ সালে। এতে সবচেয়ে বড় অবদান অলরাউন্ডার সিকান্দার রাজার।

দুর্দান্ত কাটানো একটি বছরে তিন সেঞ্চুরি ও দুই ফিফটিতে ৪৯.৬১ গড় ও ৮৭.১৬ স্ট্রাইক রেটে ৬৪৫ রান করেন তিনি।

তার তিন সেঞ্চুরিই রান তাড়ায়। এর দুটিতে জেতে দল, ভারতের বিপক্ষে অন্যটিতে একটুর জন্য পারেনি জিম্বাবুয়ে।

বল হাতে সব সময়ই নির্ভরযোগ্য রাজা। ওভার প্রতি পাঁচের একটু বেশি রান দিয়ে তিনি নেন আট উইকেট।

স্মরণীয় পারফরম্যান্স

প্রায় অসম্ভব পরিস্থিতি থেকে দলকে উদ্ধার করে জয়ের বন্দরে নিয়ে যাওয়ার যেন অভ্যাস গড়ে তুলেছেন রাজা। এর সবচেয়ে ভালো উদাহরণ গত অগাস্টে হারারেতে, বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে।

প্রথম ম্যাচেও ৩০৪ রান লক্ষ্য তাড়ায় ১০৯ বলে ১৩৫ রানের ইনিংসে দলকে খাদের কিনারা থেকে টেনে তুলে এনে দেন দারুণ জয়। পরের ম্যাচে ২৯২ রান তাড়ায় ৪৯ রানে ৪ উইকেট হারিয়ে ধুঁকছিল জিম্বাবুয়ে। আগের ম্যাচে যেখানে শেষ করেছিলেন, সেখান থেকেই যেন শুরু করেন তিনি। খেলেন অনবদ্য এক ইনিংস।

১২৭ বলে অপরাজিত ১১৭ রান করে ফিরেন সিরিজ জয় নিশ্চিত করে। এর আগে বল হাতেও ভালো করেন তিনি। ডেথ ওভারে বোলিং করে ১০ ওভারে কেবল ৫৬ রান দিয়ে নেন ৩ উইকেট।  

শেই হোপ

২১ ম্যাচে ৭০৯

২০১৬ সালে ওয়ানডেতে অভিষেক। পরের বছর থেকে প্রতিবারই হোপ ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের সর্বোচ্চ রান সংগ্রাহক। এর ব্যতিক্রম নয় ২০২২ সালও। ক্যারিবিয়ানদের কঠিন একটি বছরে আবারও আলোর রেখা তিনি।

বছরের শুরুটা ভালো যায়নি। তবে শেষ ভাগে এসে পান রানের দেখা। তিন সেঞ্চুরি ও দুই ফিফটিতে ৩৫.৪৫ গড়ে করেন ৭০৯ রান।

স্মরণীয় পারফরম্যান্স

ওয়ানডেতে এই বছর অনেক সময় প্রায় একাই লড়াই করতে হয়েছে হোপকে। এ কারণে তার পাঁচটি পঞ্চাশ ছোঁয়া ইনিংসের চারটিই হেরে যাওয়া ম্যাচে। একমাত্র যে ম্যাচে এই পরিণতি ঘটেনি সেটিতে ১৩০ বলে অপরাজিত ১১৯ রান করেন তিনি, নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে।

বৃষ্টিতে ৪৫ ওভারে নেমে আসা ওই ম্যাচে ২৪১ রান তাড়ায় দলকে পথ দেখান হোপ। গড়েন দুটি শতরানের জুটি। প্রথমটি শামার ব্রুকসের সঙ্গে, পরেরটি ব্র্যান্ডন কিংয়ের সঙ্গে। এই দুই জুটির মধ্যে মিনি ধসে দিক হারাতে বসেছিল ওয়েস্ট ইন্ডিজ। তবে ঠাণ্ডা মাথার ব্যাটিংয়ে দলকে উদ্ধার করেন হোপ।