২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

হোয়াইটওয়াশ এড়ানোর লড়াইয়ের আগে অস্ট্রেলিয়ার জোড়া ধাক্কা

দুই ম্যাচ হেরে কোণঠাসা হয়ে থাকা অস্ট্রেলিয়া এবার হারাল সাম্প্রতিক সময়ে তাদের সফলতম বোলারকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 29 Sep 2026, 11:53 AM

Updated : 29 Sep 2026, 11:54 AM

দুই ম্যাচ হেরে এমনিতেই কোণঠাসা অস্ট্রেলিয়া। শেষ ম্যাচে তাদের সম্ভাবনায় বড় আঘাত হয়ে এলো দুই ক্রিকেটারের চোট। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হোয়াইটওয়াশ এড়ানোর লড়াই থেকে ছিটকে গেলেন ন্যাথান এলিস ও জোয়েল ডেভিস।

দুজনের মধ্যে এলিসকে হারানো সত্যিকার অর্থেই বড় ধাক্কা। সাম্প্রতিক সময়ে ওয়ানডেতে দলের সেরা বোলার তিনি। এই বছর ১০ ওয়ানডেতে তার শিকার ২২টি। দলের আর কোনো বোলার ১০ উইকেটও নিতে পারেননি।

সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে রোববার শরীরের বাঁপাশে টান লাগে এলিসের। চার ওভারের বেশি বোলিং করতে পারেননি তিনি সেদিন। সেই সাইড স্ট্রেইনই তাকে মাঠের বাইরে রাখছে পচেফস্ট্রুমে বুধবারের ম্যাচটি থেকে।

৩২ বছর বয়সী পেসার এখন দেশে ফিরবেন। আরও পরীক্ষা করানোর পর পুনর্বাসন চলবে তার।

ডেভিসের টান লেগেছে হ্যামস্ট্রিংয়ে। ২৩ বছর বয়সী বাঁহাতি স্পিনারের এখনও ওয়ানডে অভিষেক হয়নি। সিরিজ হেরে যাওয়ায় শেষ ম্যাচে তার জন্য দুয়ার খুলতেও পারত। সেই সম্ভাবনা থমকে গেল চোটে।

এলিস না থাকায় শেষ ওয়ানডের জন্য অস্ট্রেলিয়ার স্কোয়াডে আছে এখন চারজন পেসার। আগের দুই ম্যাচে না খেলা প্যাট কামিন্স মাঠে নামতে পারেন শেষটিতে। সেটি হলে প্রায় দুই বছর পর ওয়ানডেতে দেখা যাবে তাকে। অস্ট্রেলিয়ার মূল ওয়ানডে অধিনায়ক তিনি, কিন্তু ২০২৩ বিশ্বকাপের পর এই তিন বছরে এই সংস্করণে খেলেছেন স্রেফ দুটি ম্যাচ।

কামিন্স ফিরলে প্রায় দুই বছর পর ওয়ানডেতে একসঙ্গে দেখা যেতে পারে অস্ট্রেলিয়ার বিখ্যাত পেসত্রয়ীকেও।