২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হৃদয়ের প্রথম ‘গোল্ডেন ডাক’

লঙ্কা প্রিমিয়ার লিগে ডাম্বুলা অরার বিপক্ষে প্রথম বলেই আউট হয়ে গেলেন তাওহিদ হৃদয়।

হৃদয়ের প্রথম ‘গোল্ডেন ডাক’

তাওহিদ হৃদয়।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2023, 10:48 PM

Updated : 07 Aug 2023, 10:48 PM

ছোট লক্ষ্যে শুরুতে উইকেট হারিয়ে বিপদে জাফনা কিংস। চাপ সরাতে পাল্টা আক্রমণ করতে চাইলেন তাওহিদ হৃদয়। কিন্তু সফল হলেন না। উল্টো হারালেন নিজের উইকেট। শূন্য হাতে ফিরলেন ড্রেসিং রুমে। 

লঙ্কা প্রিমিয়ার লিগে সোমবার ডাম্বুলা অরার বিপক্ষে ম্যাচে হাসেনি হৃদয়ের ব্যাট। প্রথম বলেই আউট হয়ে গেছেন বাংলাদেশের তরুণ ব্যাটসম্যান। 

৬২ ম্যাচের টি-টোয়েন্টি ক্যারিয়ারে এ নিয়ে ষষ্ঠবার শূন্য রানে আউট হলেন ২২ বছর বয়সী ব্যাটসম্যান। আর ‘গোল্ডেন ডাক’ পেলেন এবারই প্রথম।

পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ডাম্বুলা অরার বিপক্ষে ১৩৫ রানের লক্ষ্যে ৪ ওভারের মধ্যে হৃদয়সহ তিন ব্যাটসম্যানের উইকেট হারিয়ে ফেলেছে জাফনা।

দ্বিতীয় ওভারে চারিথ আসালাঙ্কার বিদায়ে ব্যাটিংয়ে নামেন হৃদয়। বিনুরা ফার্নান্দোর করা তৃতীয় ওভারের পঞ্চম বলে প্রথমবার পান স্ট্রাইক। 

ব্যাক অব লেংথ থেকে হালকা লাফিয়ে ওঠা ডেলিভারি ক্রিজ ছেড়ে ডিপ মিড উইকেট দিয়ে বড় শটের চেষ্টা করেন হৃদয়। কিন্তু বাড়তি বাউন্সের কারণে ব্যাটের ওপরের কানায় লাগে বল। 

ডিপ মিড উইকেট থেকে সামনে এগিয়ে এসে সহজ ক্যাচ নেন সাদিরা সামারাবিক্রমা।

আগের ম্যাচগুলিতে বেশ ভালো ব্যাটিং করেছেন হৃদয়। প্রথম ম্যাচে তিনি খেলেন ৩৯ বলে ৫৪ রানের ইনিংস। পরের ম্যাচে করেন ২০ বলে ২৪ রান। সাকিব আল হাসানের গল টাইটান্সের বিপক্ষে ২৩ বলে ৪৪ রানের ঝড় তোলেন হৃদয়। বি-লাভ ক্যান্ডির বিপক্ষে তিনি ১৯ রান করেন ২২ বলে।