৩ সেঞ্চুরি ও ৬২১ রানের ম্যাচে আফগানদের হৃদয় ভেঙে ফাইনালে ভারতের যুবারা
নিউ জিল্যান্ডের ২০ বছর পুরোনো রেকর্ড ভেঙে, যুব বিশ্বকাপে সর্বোচ্চ রান তাড়ার কীর্তি গড়ে, শিরোপার মঞ্চে জায়গা করে নিল ভারত।
২২ রানে বৈভাব সুরিয়াভানশির ক্যাচ ফেললেন উজাইরউল্লাহ নিয়াজাই। ২০ রানে অ্যারন জর্জের ক্যাচ ছাড়লেন ওয়াহিদউল্লাহ জাদরান। এসবের চড়া মূল্য দিতে হলো আফগানিস্তানকে। জীবন পেয়ে সুরিয়াভানশি খেললেন বিধ্বংসী ইনিংস, জর্জ করলেন সেঞ্চুরি। রান তাড়ায় রেকর্ড গড়ে যুব বিশ্বকাপের ফাইনালে উঠল ভারত।
দ্বিতীয় সেমি-ফাইনালে ভারতের যুবাদের জয় ৭ উইকেটে।
হারারেতে বুধবার ফায়সাল খান ও নিয়াজাইয়ের সেঞ্চুরিতে ৫০ ওভারে আফগানিস্তান তোলে ৪ উইকেটে ৩১০ রান।
আসরে টানা দ্বিতীয় সেঞ্চুরিতে যুব ওয়ানডেতে সবচেয়ে বেশি শতকের বিশ্ব রেকর্ড (৬টি) স্পর্শ করেন ফায়সাল।
দাপুটে ব্যাটিংয়ে ভারত লক্ষ্য ছুঁয়ে ফেলে ৫৩ বল হাতে রেখেই।
১৫ চার ও দুই ছক্কায় ১০৪ বলে ১১৫ রানের ইনিংস খেলে ম্যাচ-সেরার স্বীকৃতি পান ওপেনার জর্জ।
আরেক ওপেনার সুরিয়াভানশি নয় চার ও চার ছক্কায় করেন ৩৩ বলে ৬৮ রান। ৫৯ বলে ৬২ রান করেন অধিনায়ক আয়ুশ মাত্রে।
যুব বিশ্বকাপে সর্বোচ্চ রান তাড়ার রেকর্ড এতদিন ছিল নিউ জিল্যান্ডের। ২০০৬ আসরে কলম্বোয় আয়ারল্যান্ডের বিপক্ষে ৩০৫ রানের লক্ষ্য তাড়ায় জিতেছিল তারা। এবার নতুন চূড়ায় উঠল ভারত।
যুব বিশ্বকাপে নকআউট পর্বে সফলভাবে তিনশ রান তাড়ার নজিরও এটিই প্রথম। এখানে আগে থেকেই সবার ওপরে ভারত। ২০২৪ আসরে সেমি-ফাইনালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২৪৫ রানের লক্ষ্য তাড়ায় জিতেছিল তারা।
ভারত-আফগানিস্তান ম্যাচে রান হয়েছে মোট ৬২১, যুব বিশ্বকাপের প্লে-অফ ম্যাচে যা দ্বিতীয় সর্বোচ্চ। ২০০৪ আসরে প্লেট সেমি-ফাইনালে অস্ট্রেলিয়া-আয়ারল্যান্ড ম্যাচের ৬৩১ রান এখানে সর্বোচ্চ।
টানা ছয় ও সব মিলিয়ে দশমবার যুব বিশ্বকাপের ফাইনালে উঠল রেকর্ড পাঁচবারের শিরোপা জয়ী ভারত।
শিরোপা পুনরুদ্ধারের অভিযানে আগামী শুক্রবারের ফাইনালে ভারত খেলবে ইংল্যান্ডের বিপক্ষে।
প্রথম সেমি-ফাইনালে গতবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে হারিয়ে দেওয়া ইংল্যান্ড একমাত্র শিরোপা জিতেছে সেই ১৯৯৮ সালে।
