২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়েস্ট ইন্ডিজের নতুন ক্রিকেট পরিচালক বাসকম্ব

তিন বছরের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে সাবেক এই ব্যাটসম্যানকে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2023, 04:59 PM

Updated : 01 Jul 2023, 04:59 PM

নতুন ক্রিকেট পরিচালক নিয়োগ দিয়েছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ। তিন বছরের জন্য সাবেক ব্যাটসম্যান মাইলস বাসকম্বকে এই দায়িত্ব দিয়েছে তারা। 

বোর্ড পরিচালকদের সভায় শুক্রবার ৩৭ বছর বয়সী বাসকম্বকে নিয়োগ দেওয়া হয়। ৬ বছর এই দায়িত্ব পালন করা জিমি অ্যাডামসের স্থলাভিষিক্ত হলেন তিনি। 

আগামী ১ অগাস্ট কাজ শুরু করবেন ওয়েস্ট ইন্ডিজের হয়ে ২০১১ সালে একটি টি-টোয়েন্টি খেলা বাসকম্ব। এর আগে মাঝের সময়ে অন্তর্বর্তীকালীন দায়িত্বে ক্রিকেট পরিচালক হিসেবে কাজ করবেন বোর্ডের হাইপারফরম্যান্স ম্যানেজার গ্রায়েম ওয়েস্ট। 

২০১৯ থেকে ২০২১ সাল পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজ পুরুষ দলের নির্বাচক ছিলেন বাসকম্ব। গত দুই বছর উইন্ডওয়ার্ড আইল্যান্ড ক্রিকেট বোর্ডের টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে কাজ করেন তিনি। 

খেলোয়াড়ি জীবনে ঘরোয়া ক্রিকেটে উইন্ডওয়ার্ড আইল্যান্ড এবং কম্বাইন্ড ক্যাম্পাস ও কলেজের হয়ে ২৪টি প্রথম শ্রেণি, ২৬টি লিস্ট ‘এ’ ও ২৫টি বিশ ওভারের ম্যাচ খেলেছেন বাসকম্ব।