১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

প্রতিপক্ষের ফিল্ডারকে হেলমেট দিয়ে গুঁতো মারলেন ভারতীয় ব্যাটসম্যান

রাঞ্জি ট্রফির ফাইনালের এই অনাকাঙ্ক্ষিত ঘটনায় শাস্তি পেতে পারেন অভিজ্ঞ ব্যাটসম্যান।

প্রতিপক্ষের ফিল্ডারকে হেলমেট দিয়ে গুঁতো মারলেন ভারতীয় ব্যাটসম্যান
ফিল্ডার কেভি আনিশের হেলমেটে নিজের হেলমেট দিয়ে গুঁতো মারেন ব্যাটসম্যান পারাস ডোগরা। সতীর্থকে রক্ষায় দুজনের মাঝে এসে দাঁড়ান আরেক ফিল্ডার মায়াঙ্ক আগারওয়াল। ছবি: স্ক্রিনশট

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2026, 08:44 PM

Updated : 26 Aug 2026, 03:02 PM

অনাকাঙ্ক্ষিত এক ঘটনা ঘটেছে রাঞ্জি ট্রফির ফাইনালে। জাম্মু ও কাশ্মীরের অধিনায়ক পারাস ডোগরা ব্যাটিংয়ের সময় হেলমেট দিয়ে আঘাত করেছেন কার্ণাটাকার বদলি ফিল্ডার কেভি আনিশকে।

ভারতের এই ঘরোয়া প্রথম শ্রেণির প্রতিযোগিতাটির শিরোপা নির্ধারণী লড়াইয়ের দ্বিতীয় দিনের ঘটনা এটি। প্রথম দিন চার নম্বরে ব্যাটিংয়ে নামা পারাসকে ক্রমাগত শর্ট বল করছিলেন কার্ণাটাকার ফাস্ট বোলাররা। এক পর্যায়ে প্রাসিধ কৃষ্ণার ডেলিভারি তার গ্লাভসে আঘাত করলে ৯ রানে ‘রিটায়ার্ড হার্ট’ হয়ে মাঠ ছাড়েন তিনি। বুধবার দ্বিতীয় দিন চতুর্থ উইকেট পতনের পর ইনিংসের ৯৯তম ওভারে তিনি আবার ব্যাটিংয়ে নামেন।

১০১তম ওভারে ঘটে ওই ঘটনা। তখন পর্যন্ত পতন হওয়া চার উইকেটের তিনটিই নেওয়া প্রাসিধের ওই ওভারে প্রথম দুই বলে ব্যাটসম্যান ওয়াধওয়ান দুটি বাউন্ডারি মারার পর, সিঙ্গল নিয়ে স্ট্রাইক দেন পারাসকে। পরের বলটি ঠিকমতো খেলতে পারেননি পারাস। তবে চার হয়ে যায় গালি দিয়ে। 

কোনো এক ফিল্ডার কিছু একটা বলেন তখন। পারাস এগিয়ে যান সিলি মিড-অফে হেলমেট মাথায় দাঁড়ানো ফিল্ডার আনিশের কাছে, কিছু একটা বলেন তাকে। এরপর আনিশের হেলমেটে নিজের হেলমেট দিয়ে গুঁতো মারেন পারাস। সতীর্থকে রক্ষায় দুজনের মাঝে এসে দাঁড়ান আরেক ফিল্ডার মায়াঙ্ক আগারওয়াল। পারাসের সঙ্গে কিছুটা উত্তপ্ত বাক্য বিনিময় হয় তার।

কার্ণাটাকার অধিনায়ক দেবদূত পাডিক্কাল ও আম্পায়ারদের হস্তক্ষেপে শান্ত হয় পরিস্থিতি।

২০০১ সালে যখন পারাসের প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয়, একই বছরে জন্ম আনিশের। এবারের রাঞ্জি ট্রফির সেমি-ফাইনালে দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে এই প্রতিযোগিতায় ১০ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন ৪১ বছর বয়সী পারাস।

ক্রিকেট ওয়েবসাইট ক্রিকবাজের প্রতিবেদনে বলা হয়েছে, এই ঘটনায় জাম্মু ও কাশ্মীরের অধিনায়ককে ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা করা হতে পারে।

এবারই প্রথম রাঞ্জি ট্রফির ফাইনালে খেলছে জাম্মু ও কাশ্মীর। দ্বিতীয় দিনের খেলা শেষে তাদের সংগ্রহ ৬ উইকেটে ৫২৭ রান।