Published : 19 Apr 2026, 03:10 PM
দলটি নিউ জিল্যান্ডের দ্বিতীয় নাকি তৃতীয় সারির, তা নিয়ে তর্ক হতে পারে। তবে বাংলাদেশ দলের কাছে এটা প্রথম সারির দলই। প্রথম ম্যাচে পরাজয়ের পর সেই উপলব্ধি আরও তীব্র হওয়ার কথা। পেসার শরিফুল ইসলাম যেমন বললেন, আন্তর্জাতিক ক্রিকেটে সহজ প্রতিপক্ষ বলে কিছু নেই।
আইপিএল-পিএসএলে ব্যস্ততার কারণে শীর্ষ ১৬-১৭ জন ক্রিকেটারকে বাইরে রেখেই বাংলাদেশ সফরের ওয়ানডে দলটি সাজিয়েছে নিউ জিল্যান্ড। এই খর্বশক্তির দল নিয়ে স্বাভাবিকভাবেই সিরিজ শুরুর আগে ছিল বিস্তর আলোচনা। তবে সেই দলটিই সিরিজে প্রথম ম্যাচে বাংলাদেশকে হারিয়ে দিয়েছে ২৬ রানে।
বাংলাদেশের কোচ ফিল সিমন্স ও অধিনায়ক মেহেদী হাসান মিরাজ সিরিজ শুরুর আগে বলেছিলেন, নিউ জিল্যান্ডের এই দলকে পূর্ণশক্তির দলের মতোই সমীহ করছেন তারা। দলের কেউ যদি সেই কথা মন থকে বিশ্বাস না করে থাকে, প্রথম ম্যাচের পর তা পোক্ত হয়ে যাওয়ার কথা।
দ্বিতীয় ম্যাচের আগের দিন শরিফুল সংবাদ সম্মেলনে বললেন, এই দলকে মূল দল হিসেবেই দেখছেন তারা। পরের ম্যাচে জিতে সিরিজে সমতা ফেরাতে আত্মবিশ্বাসী বাংলাদেশের এই পেসার।
“আন্তর্জাতিক দলের কোনো সময় সেকেন্ড টিম, থার্ড টিম বলে কিছু নেই। তারা ঘরোয়া ক্রিকেটে ভালো পারফরম্যান্স করেই আন্তর্জাতিকে এসেছে। এখনও আমাদের হাতে দুটি ম্যাচ আছে। আমাদের ওই সামর্থ্য আছে যে আমরা ঘুরে দাঁড়াতে পারব।”
“একটা ম্যাচে হয়তো আমরা ভুল করেছি। তারা অবশ্যই ভালো দল।। আমরাও ভালো দল।। আশা করি পরের ম্যাচে আমরা ঘুরে দাঁড়াব।”
পরের ম্যাচটি মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে সোমবার। খেলা শুরু বেলা ১১টায়।